ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলের সামনে থাকা একটি বাসের নিচ থেকে এক নবজাতককে (মেয়ে) উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহিন মিয়া নামের একজন নিরাপত্তাকর্মী ওই নবজাতকটিকে উদ্ধার করেন। পরে তিনি তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শিশুটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২১১ নম্বর ওয়ার্ডে চিকিত্সাধীন রয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ নবজাতকটিকে ওইখানে ফেলে গেছে।
শাহিন মিয়া জানান, কার্জন হলের সামনের রাস্তায় পার্কিংয়ে থাকা বিআরটিসি’র একটি বাসের নিচে ওড়নায় মোড়ানো অবস্থায় নবজাতকটিকে দেখতে পান ওই বাসের গাড়িচালক। পরে তিনি তাত্ক্ষণিকভাবে বিষয়টি তাদের জানান। খবর পেয়ে তিনি নবজাতকটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিত্সকরা জানিয়েছেন নবজাতকের ওজন ১ হাজার গ্রাম। শিশুটি শারীরিকভাবে অনেক দুর্বল। তবে তার তেমন কোনো অসুস্থতা নেই।
