ধানমণ্ডিতে কলেজ শিক্ষার্থী গুলিবিদ্ধ

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ২১:৫২
রাজধানীতে ধানমণ্ডির বেসরকারি আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ ওই শিক্ষার্থীর নাম নাইমুর রশীদ নাবিল (১৮)। তিনি কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
 
জানা গেছে, কলেজের সামনে দোকানে বসাকে কেন্দ্র করে শনিবার দুপুর ১টায় দুই দল শিক্ষার্থীর বিরোধ হয়। এক পর্যায়ে একজন গুলি ছুঁড়লে নাইমুর গুলিবিদ্ধ হন।
 
কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) আবিদুর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কলেজের সামনের চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সিনিয়র ও জুনিয়র দুই পক্ষ বিবাদে জড়িয়ে পড়লে নাবিল গুলিবিদ্ধ হন।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, গোলাগুলির সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, শিক্ষার্থীরা ভয়ে দিগ্বিদিক ছোটাছুটি করছিল। কলাবাগান থানার পুলিশ কর্মকর্তা আবিদ বলেন, 'আহতদের পক্ষ থেকে মামলা করবে বলে জানিয়েছে। যারা গুলি করেছে, তাদের গ্রেফতারের জন্য খোঁজা হচ্ছে।'