রাজধানীর মোহাম্মদপুরে চারতলার একটি ভবন পাশের ভবনে হেলে পড়েছে। এ সময় ভবন থেকে আতঙ্কিত বাসিন্দারা বের হয়ে আসে। বর্তমানে তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।
এদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজইক) বুয়েটের একটি বিশেষজ্ঞ দলকে ঘটনাস্থল পরিদর্শনের আহ্বান জানিয়েছেন। তারা রবিবার ঘটনাস্থল পরিদর্শন করবেন। তাদের তদন্ত রিপোর্টের উপর নির্ভর করবে ভবনের ভবিষ্যত্।
মোহাম্মদপুরের তাজমহল রোডের ওই ভবনটি শনিবার বিকেলের দিকে হেলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট, বিশেষজ্ঞদল এবং পুলিশ ভবনের বাসিন্দাদের মালামাল সরিয়ে নিতে শুরু করে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ অফিস জানায়, বিকেল তিনটার পর কোনো এক সময় তাজমহল রোডের সি ব্লকের ১৯/৪ নং চারতলা ভবনটি পাশের ভবনের ওপর হেলে যায়। এ সময় উভয় ভবনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে নিচে নেমে আসে। অনেকে আতংকে চিত্কার চেঁচামেচি করতে থাকে। এরমধ্যে শিশু এবং বৃদ্ধরা বেশি বিপদে পড়ে। তাড়াহুড়ো করে নামতে গিয়ে ১৫ থেকে ২০ জন আহত হলে তাদের প্রাথমিক চিকিত্সা দেয়া হয়।
সরেজমিনে জানা গেছে, চারতলা এই ভবনে ৮ ইউনিট। ভবনের বাসিন্দা ফরিদা পারভিন জানান, ভবন হেলে পড়ার সময় মনে হচ্ছিল জীবন মনে হয় শেষ হয়ে গেল। আল্লাহ রক্ষা করেছেন। বাসার মালামালের ক্ষতি হয়েছে।
একই ভবনের বাসিন্দা ফিরোজ আহমেদ ইত্তেফাককে বলেন, মাঝে ঢাকা শহরসহ সারাদেশে যে, ভূমিকম্প হয়েছে চার তলা ভবন হেলে পড়া তারই আলামত। তিনি বলেন, কোন মতে ছেলে-মেয়েদের নিয়ে নিচে নামতে পেরেছি। তিনি চার তলা ভবনে সপরিবার থাকতেন বলে জানান। ভবনের অন্যান্য বাসিন্দারা ও নিরাপদে চলে গেছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পুরো ভবন লাল ফিতায় ঘিরে ফেলেছে। মাইকিং করে ভবন ছাড়ার আহবান প্রচার করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
