বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বি-পাক্ষিক সম্পর্কের বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে ভারত প্রতিশ্রতিবদ্ধ বলে জানিয়েছেন ঢাকায় দেশটির ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা। গতকাল শনিবার রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সারি কমপ্লেক্সে প্রবাসী ভারতীয় দিবস ২০১৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিক এবং হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ড. আদর্শ সোওয়াইকা অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ এবং ভারত দ্বি-পাক্ষিক সম্পর্ক এখন অনেক বেশি বিস্তৃত ও গভীর। তার মানে এই নয় যে, দুই দেশের সম্পর্কে কোনো চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতা নেই। অবশ্যই কিছু প্রতিবন্ধকতা থাকতে পারে। ভারত সেগুলো দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সম্পর্ক কেবল দুই দেশের সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় বরং তা ব্যবসায়ী, জনগণ ও সাংস্কৃতিক পর্যায়ে বিস্তৃত হয়েছে। দ্বি-পাক্ষিক সম্পর্কের বন্ধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের মধ্য দিয়ে নতুন মাত্রা পেয়েছে। বাংলাদেশে থাকা প্রবাসী ভরাতীয়দেরও এক্ষেত্রে বিশাল অবদান রাখার সুযোগ রয়েছে।
গতকাল বিকালে দীপ প্রজ্বলনের দিয়ে শুরু হয় প্রবাসী ভারতীয় দিবস ২০১৬। ১৯১৫ সালের ৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে মহত্মা গান্ধী ভারতে প্রত্যাবর্তন করেছিলেন। মহাত্মা গান্ধীর ভারত প্রত্যাবর্তনের ১০১ বছর পূর্তি হলো গতকাল। সেই দিনটিকে কেন্দ্র করেই ভারত ৯ জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালন করে থাকে। এবারই প্রথম বাংলাদেশে প্রবাসী ভারতীয় দিবস উদযাপন করলো ভারতীয় হাইকমিশন। আর গত ১৩ বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে থাকা ভারতীয় দূতাবাসে এ দিবসটি পালিত হয়ে আসছে। অনুষ্ঠানে বেশ কয়েকজন ভারতীয় শিল্পীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
