মিছিল-সমাবেশ নয় মনোযোগ দিয়ে লেখাপড়া করুন

আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ০২:৫০

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সনদপত্র অর্জনের পাশাপাশি মানবিক গুণের অধিকারী হওয়ার জন্য মেডিক্যালের নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, চিকিত্সা একটি মহান পেশা।  এ পেশার মর্যাদা সমুন্নত রাখার দায়িত্ব প্রথমত চিকিত্সকদের। মানুষ চিকিত্সকদের কাছে সামান্য পরিচর্যা ও সহানুভূতির জন্য আসে। অনেক ধৈর্য্য ও সহনশীলতার অধিকারী হতে হয় চিকিত্সকদের। এসব গুণ হঠাত্ করে অর্জন করা সম্ভব নয়। তাই মেডিক্যাল শিক্ষার প্রথম বর্ষ থেকেই নবীন শিক্ষার্থীদের এসব বিষয়ে সচেতন হওয়া দরকার। মন্ত্রী বলেন, মিছিল-সমাবেশ করার দরকার নেই। মনোযোগ দিয়ে লেখাপড়া করে নিজেদের পরিবার ও দেশের প্রত্যাশা পূরণ করার দিকেই নজর দিতে হবে। হতে হবে দক্ষ ও মানবিক চিকিত্সক। এমবিবিএস সম্পন্ন করে গ্রামে গিয়ে সাধারণ মানুষের সেবা করার মানসিকতাও থাকতে হবে।

 
গতকাল শনিবার ঢাকা মেডিক্যাল কলেজের (ডিএমসি) এমবিবিএস ৭৩ ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে ভিত্তিহীন হিসেবে আখ্যায়িত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিক্যাল ভর্তি পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্র হয়েছে। কিন্তু সফল হতে পারেননি ষড়যন্ত্রকারীরা। উচ্চ আদালতেও জয়ী হয়েছি আমরা। অভিযোগকারীদের মিথ্যা তথ্য টিকেনি। তিনি বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে চ্যালেঞ্জ গ্রহণ করে আমি আনন্দ পাই। অর্থ-সম্পদ দিয়ে মেধা পরিমাপ করা যায় না। মেধাবীরাই চিকিত্সাশাস্ত্রে অধ্যয়নের সুযোগ পেয়েছে।
 
মেডিক্যাল শিক্ষার নানা উন্নয়নের আশ্বাস দিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। আরো কিছু উদ্যোগ বাস্তবায়নাধীন রয়েছে। ধূমপানের ক্ষতিকর দিক তুলে ধরে তিনি বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে মেডিক্যাল শিক্ষার্থীদের ‘ধূমপান করি না’ এমন সার্টিফিকেট বাধ্যতামূলক করা হবে। মেডিক্যাল কলেজের শিক্ষকদেরও ধূমপান করা যাবে না।
 
কলেজের অধ্যক্ষ ডা. মো. ইসমাইল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা, ঢাকা মেডিক্যাল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আবু ইউসূফ ফকির, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান, স্বাধীনতা চিকিত্সক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ প্রমুখ। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান অধ্যক্ষ।
 
এর আগে রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল কলেজের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, ভুয়া চিকিত্সকরা দেশ ও জাতির শত্রু। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হবে।