চালকবিহীন গাড়ি নিয়ে বেশ কয়েক বছর ধরেই কাজ করছে গুগল। তবে প্রথম থেকেই সবার আশঙ্কা ছিল এ ধরনের গাড়ি অধিক পরিমাণে সড়ক দুর্ঘটনা ঘটাতে পারে। যদিও সামপ্রতিক সময়ে বিভিন্ন গবেষণার ফলাফল থেকে এর উল্টোটা দেখা গেছে। গুগলও সম্প্রতি চালকবিহীন গাড়ি নিয়ে এক গবেষণার ফলাফল প্রকাশ করেছে। গুগলের হয়ে এই গবেষণাটি পরিচালনা করেছে ভার্জিনিয়া টেক ট্রান্সপোর্ট ইন্সটিটিউট। সেখানে বলা হয়েছে, অন্যান্য গাড়ির তুলনায় গুগলের চালকবিহীন গাড়ি ২৭ শতাংশ কম দুর্ঘটনা ঘটায়। গুগলের হিসেব মতে, সাধারণ গাড়ি প্রতি ১০ লাখ মাইলে ৪.২টি সংঘর্ষ ঘটায় যেখানে গুগলের চালকবিহীন গাড়ি মাত্র ৩.২টি দুর্ঘটনার জন্য দায়ী।
প্রতিবেদনে আর বলা হয়েছে, গুগলের স্বয়ংক্রিয় গাড়ির বহরে বর্তমানে আছে ৫০টির বেশি চালকবিহীন গাড়ি। আর এই গাড়িগুলো এখন পর্যন্ত পাড়ি দিয়েছে ১৩ লাখ মাইল পথ। আর গত ছয় বছরে গুগলের এই স্বয়ংক্রিয় গাড়ি ১৭টি দুর্ঘটনা ঘটিয়েছে। তবে গুগলের দাবী, এ সকল ঘটনার জন্য পথচারী কিংবা অন্য গাড়িই দায়ী ছিল। তবে গুগলের এই চালকবিহীন গাড়ি মার্কিন যুক্তরাষ্ট্রের অল্প কয়েকটি অঙ্গরাজ্যে পরীক্ষামূলকভাবে চলছে। আর এ সকল শহরের উপর ভিত্তি করেই এই গবেষণাটি পরিচালিত হওয়ায় অনেকেই বলছেন এর থেকে অধিক ব্যস্ত কোন অঞ্চলে এই চিত্র ভিন্ন হতে পারে।
