যশোরের শার্শা উপজেলার বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বানিজ্য গতিশীল করতে আধুনিক চেকপোস্ট স্থাপন করা হচ্ছে ভারতের পেট্রাপোল বন্দরে। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দর এলাকায় এই আধুনিক চেকপোস্ট নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। চলতি মাসের যেকোনো দিন দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দুই মন্ত্রী আধুনিক এ চেকপোস্টটির শুভ উদ্বোধন করবেন।
এরই মধ্যে ভারতীয় কেন্দ্রীয় একটি প্রতিনিধি দল আনুষঙ্গিক কার্যক্রমের অগ্রগতি জানতে এ চেকপোস্ট এলাকা প্রায় দেড় ঘণ্টা পরিদর্শন করেছে। প্রতিনিধি দলটি বাংলাদেশের অভ্যন্তরে লিঙ্ক রোডও ঘুরে দেখেন। প্রতিনিধি দলে ভারতের ল্যান্ডপোর্ট অথরিটির চেয়ারম্যান ওয়াইএস সেরওয়াত ও কেন্দ্রের বর্ডার ম্যানেজমেন্টের সম্পাদক অনুপ কুমার শ্রীবাস্ত অংশ নেন। এ সময় তাদের সঙ্গে বিএসএফ ও শুল্ক দফতরের কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলের সদস্যরা জানায়, আগামী ১৫ দিনের মধ্যে চেকপোস্টের সকল কাজ শেষ করার নির্দেশ দেয়া হয়েছে।
ভারতের ল্যান্ডপোর্ট অথরিটির চেয়ারম্যান ওয়াইএস সেরওয়াত জানান, এ চেকপোস্ট চালু হলে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে আরো গতি আসবে। ট্রাক টার্মিনাল, এসি ওয়ার হাউজ ও এক্সপোর্ট-ইমপোর্ট জোনসহ আমদানি-রফতানি বাণিজ্য সহজ করার সবধরনের সুযোগ-সুবিধা থাকছে ওই বন্দরে। উন্নয়ন কাজ শেষ হলে পেট্রাপোল এলসি স্টেশন আন্তর্জাতিক বাজারে আধুনিক বন্দরের পরিচিতি পাবে।
এদিকে বাংলাদেশের ব্যবসায়ীদের প্রত্যাশা, বন্দরটি আধুনিকায়নের ফলে বাংলাদেশ থেকে পণ্য রফতানি কয়েক গুণ বৃদ্ধি পাবে। একই সঙ্গে আমদানিও বাড়বে কয়েকগুণ।
অন্যদিকে ভারতের ব্যবসায়ীরাও বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে গতি আসার ব্যাপারে আশাবাদী।
ভারতের শুল্ক দফতরের এক কর্মকর্তা জানান, এখানে এক সঙ্গে দুই হাজার ট্রাক দাঁড়াতে পারবে। এখন শুধু পণ্য আমদানি-রফতানির কাজই হবে। ভবিষ্যতে এ বন্দর দিয়ে যাত্রী যাতায়াতের কথা রয়েছে।
পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা এস কে বোস জানান, উভয় দেশের পাসপোর্টধারী যাত্রীদের জন্য আধুনিক ব্যবস্থা গ্রহণেরও পরিকল্পনা রয়েছে।
ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্সের ল্যান্ডপোর্ট সাব কমিটির সভাপতি মতিয়ার রহমান বলেন, ‘পেট্রাপোল এলসি স্টেশনকে আধুনিক বন্দরে পরিণত করার জন্য চেম্বার অব কমার্সের পক্ষ থেকে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে বিভিন্ন বৈঠকে দাবি জানিয়ে এসেছি। দীর্ঘদিন পর ভারত সরকার এর গুরুত্ব অনুধাবন করেছে।'
