ইসলামের সঙ্গে জঙ্গীবাদের সম্পর্ক নেই : ইফা মহাপরিচালক

আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ১৭:৪২
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেছেন, ইসলামের সাথে সন্ত্রাস ও জঙ্গীবাদের কোন সম্পর্ক নেই। রবিবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওস্থ প্রধান কার্যালয়ে ‘মুসলিম উম্মাহর সংকট : উত্তরনের উপায়’শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বলেন, বর্তমান বিশ্বে মুসলিম উম্মাহ নানামুখী সংকট ও ষড়যন্ত্রের শিকার।  ইসলামকে একটি সন্ত্রাসী ধর্ম হিসেবে তুলে ধরার জন্য ইসলাম বিদ্বেষী শক্তি আজ মরিয়া হয়ে উঠেছে।
 
তিনি বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার নামে যারা জঙ্গী তৎপরতায় মেতে উঠেছে তাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। এই মুনাফেকী মুসলিম নামধারী গোষ্ঠীর কারণে ইসলামের অগ্রযাত্রা বাধাগ্রস্থ হচ্ছে।
 
গবেষণা বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। তিনি বলেন, ইসলাম প্রচারের ক্ষেত্রে বাংলা ভাষার অবদান অনস্বীকার্য। এই ভারতীয় উপমহাদেশে শুধু আরবী-ফারসী ভাষায় ইসলাম প্রচারিত হয়নি, বাংলা ভাষায়ও হয়েছে। শুধু আরবী-ফারসী ভাষায় ইসলাম প্রচারিত হলে বাংলা ভাষাভাষী এত বিপুলসংখ্যক জনগণ ইসলাম ধর্ম গ্রহণ করতেন না। তাই ইসলাম প্রচার ও প্রসারের ক্ষেত্রে অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা ভাষার অবদান সম্পর্কে আরো বিস্তৃতভাবে গবেষণা করা প্রয়োজন।
 
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিভিন্ন আলেম ওলামা, ইসলামী চিন্তাবিদ ও ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের পরিচালক এবং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।