নিজস্ব ক্যাম্পাস ছাড়া ফ্ল্যাট ভাড়া নিয়ে চলা ১৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রবিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই হুঁশিয়ারি দেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, একটা সময় কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা বিলিয়ে দেয়ার নাম করে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে মূলত সার্টিফিকেট বিক্রি করত।এ ধারা থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে বের করে আনছি। অনেক বিশ্ববিদ্যালয় আমাদের ডাকে সাড়া দিয়ে নিজস্ব ক্যাম্পাসসহ সুযোগ-সুবিধা বৃদ্ধি করলেও ১৪টি বিশ্ববিদ্যালয় তা মানছে না। শিগগিরই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে হবে।
মুনাফা নিয়ে যারা শিক্ষা কার্যক্রম পরিচালনা করে তারা মানুষ হলেও প্রকৃত মানুষ নয় মন্তব্য করে নাহিদ বলেন, শিক্ষায় মুনাফার কোনো সুযোগ নেই। খুব শিগগিরই শিক্ষাখাতে মুনাফালোভী মানুষদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যবিরোধী আন্দোলনের বিষয়ে তিনি বলেন, শিক্ষকদের মধ্যে ভিন্নমত থাকতেই পারে, তবে শিক্ষকরা চলবে আদর্শগতভাবে। তাদের দেখেই শিক্ষার্থীরা শিখে। আমরা চাই না কোনো ভিসি তালাবদ্ধ থাকুক।
