খাশোগি হত্যার ঘটনায় সৌদির পাশে ট্রাম্প

আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ০১:০৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় কঠোরভাবে সৌদি আরবকে সমর্থন করেছেন। গতকাল মঙ্গলবার ট্রাম্প এক বিবৃতিতে বলেন, সৌদি আরব আমাদের ঘনিষ্ঠ মিত্র। তারা যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে। তিনি বলেন, খাশোগি হত্যাকান্ডের ব্যাপারে যুবরাজ বিন সালমান আগেভাবে অবগত থাকলেও থাকতে পারেন। কিংবা নাও থাকতে পারেন। যেটাই সত্য হোক, সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে চিড় ধরবে না।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের গুপ্তচর সংস্থা সিআইএ বিশ্বাস করে, যুবরাজ মোহাম্মদ বিন সালমানই খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। সিআইএ’র ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, তারা এই হত্যাকান্ডে যুবরাজের জড়িত থাকার প্রমাণ খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে দেখেছেন। মার্কিন কর্মকর্তাদের ধারণা, এরকম একটি হত্যাকান্ড ঘটানোর অভিযান কেবলমাত্র যুবরাজের অনুমতি নিয়েই চালানো সম্ভব। তবে সৌদি আরব এরকম দাবিকে মিথ্যা বলে দাবি করেছে। তারা বলছে, যুবরাজ এই হত্যা পরিকল্পনা সম্পর্কে কিছুই জানতেন না। গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে জামাল খাশোগিকে হত্যা করা হয়। তার মৃতদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি।