ফেরি থেকে ট্রলি পড়ে ট্রলার ডুবিতে নিখোঁজ ৩, আহত ২০

আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ২২:৩০

পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদীর ফেরিতে ওঠার সময় ইটবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই ট্রলারের ওপর পড়ে উভয় যানই তলিয়ে গেছে। এ সময় ট্রলারের কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন। এ ঘটনায় সামিয়া (৬), নিশাত (১০) ও নিজাম মিয়া (৩৮) নিখোঁজ রয়েছে। আহতদের মধ্যে ইব্রাহীম (৩৫) ও বাকেরকে (৩৫) আশঙ্কাজনক অবস্থায় বরিশাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

রবিবার সন্ধ্যা ছয়টার দিকে পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের কলাপাড়া ফেরিঘাটে এ ঘটনাটি ঘটে।

 

প্রত্যক্ষদর্শী আ. জলিল জানান, ইটবোঝাই একটি ট্রলি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই ট্রলারের ওপর আচড়ে পড়ে। এতে ট্রলিসহ ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে ৪০-৫০ জন যাত্রী ডুবে যায়।  স্থানীয়রা আহতদের আন্ধারমানিক নদ থেকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।

 

কলাপাড়া ফায়ারসার্ভিস স্টেশন ইনচার্জ মো. রেজাউল করীম জানান, ঘটনার পর পরই ফায়ার সার্ভিস কর্মীরা ট্রলিটি উদ্ধার করেছে।

 

এ ব্যাপারে কলাপাড়া থানার অফিসার্স ইনচার্জ মো. আজিজুর রহমান জনান, ঘটনার পর কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছেন।