সেল্টাকে হারিয়ে আবারো শীর্ষে অ্যাটলেটিকো

আপডেট : ১১ জানুয়ারি ২০১৬, ০৮:৪০
এই সপ্তাহের লা লিগার সমস্ত আলো হয়তো জিনেদিন জিদানের অভিষেককে ঘিরে রিয়াল মাদ্রিদের উপরে ছিল। কিন্তু সেল্টাকে হারিয়ে রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকোই বার্সেলোনাকে সরিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। 
 
প্রতিপক্ষের মাঠে রোববার রাতে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই অ্যাটলেটিকোকে এগিয়ে দেন আন্তোনি গ্রিজমান। খুব কাছ থেকে বল জালে জড়ান এই ফরাসি স্ট্রাইকার। এবারের লা লিগায় গ্রিজমানের এটা দশম গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে চতুর্দশ। বদলি নামা বেলজিয়ামের মিডফিল্ডার ইয়ানিক কারাসকো ৭৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জয়টাও নিশ্চিত করে ফেলেন। এরই সঙ্গে বার্সেলোনাকে সরিয়ে অ্যাটলেটিকোর শীর্ষে ওঠাও নিশ্চিত হয়ে যায়।
 
শনিবার গ্রানাডাকে ৪-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছিল বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ১৯ ম্যাচে অ্যাটলেটিকোর পয়েন্ট ৪৪। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। তবে লুইস এনরিকের দল এক ম্যাচ কম খেলেছে। অ্যাটলেটিকোর সমান ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।গোল.কম।