বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গে মিলে যুক্তভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে চায় রাশিয়া। জার্মানির পত্রিকা বিল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাক্ষাৎকারে দেওয়া বক্তব্যে সন্ত্রাসবাদকে উস্কে দেওয়ার জন্য পশ্চিমাদের আন্তর্জাতিক সঙ্কট তৈরি করার প্রবণতাকেও দায়ী করেছেন তিনি।
পুতিনের দেওয়া বিস্তারিত এই সাক্ষাৎকারটি সোমবার প্রকাশ করেছে বিল্ড। পুতিন বলেন, আমরা একই হুমকির মোকাবিলা করছি এবং আমরা এখনও চাই, সব দেশ, ইউরোপ এবং পুরো বিশ্ব, এই হুমকির বিরুদ্ধে লড়াই করার উদ্যোগে যুক্ত হোক, আমরা এখনও এর জন্য আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি শুধু সন্ত্রাসের কথাই বলছি না, অপরাধ, মানব পাচার, পরিবেশ রক্ষা এবং অন্যান্য সাধারণ চ্যালেঞ্জের কথাও বলছি।- বলেন পুতিন। পুতিন আরও বলেন, তবে এর মানে এই নয় যে এসব বিষয়ে বা অন্যান্য বিষয়ে অন্যদের নেওয়া সব সিদ্ধান্তে আমাদের একমত হওয়া উচিত।
রুশ বিমান বাহিনী সিরিয়ার বিভিন্ন লক্ষ্যে হামলা পরিচালনা করছে এবং মস্কো বলছে, তারা ইসলামিক স্টেটকে (আইএস) দুর্বল করতে চায়। কয়েক হাজার রুশ নাগরিক আইএসে যোগ দিয়েছে এবং বিষয়টি দেশটির জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে দেখা দিয়েছে। অক্টোবরে মিশরের সিনাইয়ে একটি রুশ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত করার দাবি করেছে আইএস। ওই বিমানের আরোহী ২২৪ জনের সবাই নিহত হয়েছেন।
রাশিয়া আইএসের উপর হামলা চালানোর দাবি করলেও যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা অভিযোগ করেছে, বিমান হামলার নামে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে রক্ষার চেষ্টা করছে রাশিয়া। পুতিন অভিযোগ করে বলেন, ইরাক ও লিবিয়ায় পশ্চিমা সামরিক হস্তক্ষেপের কারণে দেশ দুটিসহ অন্যান্য এলাকায় সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনেও একই অভিযোগ করেছিলেন পুতিন। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পর শীতল যুদ্ধের অবসানের পরও রাশিয়ার সীমান্তে দিকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণ করে পশ্চিমারা আন্তর্জাতিক সঙ্কট উস্কে দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন পুতিন। রয়টার্স।
