অষ্টম জাতীয় বেতন কাঠামোতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেয়া প্রতিশ্রæতি পূরণ ও অন্যান্য অসঙ্গতি দূর করার দাবিতে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। বেতন কাঠামোয় ‘অসঙ্গতি’ নিরসনের দাবিতে শিক্ষকদের কর্মবিরতিতে বাংলাদেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব কটি অচল হয়ে পড়েছে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে সোমবার সকাল থেকে পূর্বঘোষিত এই লাগাতার কর্মসূচি শুরু হয়। সোমবার দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা নেয়া হয়নি। শিক্ষকরা প্রশাসনিক কোনো দায়িত্ব পালন করেন নি।
চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খবর নিয়ে জানা যায়, কোথাও কোনো ক্লাস-পরীক্ষা হচ্ছে না। গত বছরের মাঝামাঝিতে অষ্টম বেতন কাঠামো প্রস্তাবের পর থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা নানা কর্মসূচিতে নিজেদের মর্যাদাহানি ও সুবিধা কমে যাওয়ায় আপত্তি জানিয়ে আসছিল। গত মাসে বেতন কাঠামোর গেজেট প্রকাশের পর শিক্ষকদের বিরোধিতার মুখে সরকার একটি কমিটি গঠন করে। কিন্তু এখনও দাবি-দাওয়ার বিষয়ে কোনো সুরাহা হয়নি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগরসহ সারা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষকরা। ঘোষণা অনুযায়ী, কর্মবিরতি চলাকালে সান্ধ্যকালীন কোর্সসহ সব ধরনের নিয়মিত ক্লাস বন্ধ থাকবে। তবে সেমিস্টার ফাইনাল বা কোর্স ফাইনাল পরীক্ষা গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত নেবে স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।
রোববার কর্মবিরতির ঘোষণা দিয়ে ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও মহাসচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষকদের দাবির বিষয়ে শিক্ষামন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি পূরণ ও অসঙ্গতি দূর করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কোনো ধরনের পদক্ষেপ না নেয়ায় আমরা কর্মবিরতিতে যাচ্ছি।
