‘প্রচারণার বিষয়ে আমি সবসময় সিরিয়াস থাকি’

আপডেট : ১২ মার্চ ২০১৯, ২১:১২

বিনোদন রিপোর্ট

 

বছরের প্রথম সিনেমা এরইমধ্যে মুক্তি পেয়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহীর। পরবর্তী সিনেমা মুক্তি নিয়ে এখন পর্যন্ত কোনো খবর না এলেও নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন তিনি। ‘আনন্দ অশ্রু’ শিরোনামে নতুন সিনেমা শুরু করতে যাচ্ছেন তিনি। সাইমন সাদিকের সাথে আবারো জুটি হিসেবে দেখা যাবে মাহীকে। এই জুটির ‘পোড়ামন’ সিনেমাটি বেশ প্রশংসিত হয়েছিল। এরপর আরো বেশ কয়েকটি সিনেমায় এই জুটিকে দেখেছেন দর্শকরা। জানা যায়, আগামীকাল থেকে পূবাইলে ছবিটির শুটিং শুরু হবে। প্রথমদিনের শুটিংয়ে অংশ নেবেন নায়ক-নায়িকা দু’জনই।

ঢাকাই চলচ্চিত্রের গল্পে নতুনত্বের সাথে সিনেমার প্রচারণায় ভিন্নতাও দেখা যাচ্ছে। সিনেমার পাত্র-পাত্রীরাও অংশ নিচ্ছেন সরাসরি প্রচারণায়। তবে বাজেটের জন্য এখনো অনেক সিনেমা প্রচারণা ছাড়াই মুক্তি পাচ্ছে। সিনেমার প্রচারণা প্রসঙ্গে মাহী বলেন, ‘প্রচারণার বিষয়ে আমি সবসময় সিরিয়াস থাকি। আমার জায়গা থেকে যতটুকু করলে সিনেমাটির জন্য ইতিবাচক হবে ততটুকু করার চেষ্টা আমার থাকে। সিনেমার প্রচারণা একটি বড় অংশ। সেই চর্চাটা হয়তো আমাদের মাঝে কম। তবে শুরু হয়েছে। প্রযোজকদের এদিকে আরো নজর দেওয়া উচিত। কারণ দর্শকদের কাছাকাছি সিনেমাটি নিয়ে যাওয়ার জন্য প্রচারণা প্রয়োজন।’