স্পোর্টস রিপোর্টার
কাঁধের ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে আগামী শনিবার ক্রাইস্টচার্চ টেস্টে নাও থাকতে পারেন কেন উইলিয়ামসন। খোদ নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিডই নিয়মিত অধিনায়কের খেলার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন।
বেসিন রিজার্ভে টেস্টের চতুর্থদিন চলাকালেই কাঁধের ইনজুরিতে পড়েছিলেন কেন উইলিয়ামসন। চতুর্থ দিনে তিনি ব্যথা নিয়ে খেলেই ৭৪ রানের ইনিংস খেলেন। রস টেলরের সাথে ১৭২ রানের বিশাল জুটি গড়েন। তবে, কখনোই স্বাচ্ছন্দ্যে ছিলেন না টেস্ট র্যাংকিংয়ের দুই-এ থাকা এই ব্যাটসম্যান।
কয়েকবার ফিজিও’র দ্বারস্থ হতে হয়েছিল তাকে। তাই, ইনিংস শেষ করেই হাসপাতালে চলে যান। পরে বাংলাদেশ ব্যাট করতে নামলেও ছিলেন না উইলিয়ামসন। চতুর্থ দিনের শেষ বেলায় মাঠের অধিনায়কত্ব সামলান টিম সাউদি। সেদিনই উইলিয়ামসনের স্ক্যান করানো হয়। স্ক্যান রিপোর্ট এসেছে গতকাল। সেখান থেকেই আসে দুঃসংবাদ। উইলিয়ামসনের কাঁধের মাংসপেশিতে ‘গ্রেড ওয়ান টিয়ার’ ধরা পড়েছে। নিউজিল্যান্ড কোচ স্টিড তাই বাস্তববাদী মন্তব্যই করলেন। জানালেন বিশ্বকাপের আগে অধিনায়ককে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। কোচ বলেন, ‘উইলিয়ামসন ক্রাইস্টচার্চে অনিশ্চিত। তবে দলের সঙ্গে যাবেন তিনি। শেষ টেস্টের আগে তাকে পর্যবেক্ষণে রাখা হবে। যদিও, সে শেষ টেস্ট খেলতে আগ্রহী। তারপরও আমরা কোনো ঝুঁকি নিবো না। কারণ সামনেই ওয়ানডে বিশ্বকাপ। তার আগে দলের সবাইকে সুস্থ রাখাটা জরুরি।’
নিউজিল্যান্ড দলে ইনজুরির সমস্যা আরো আছে। গতকাল সকালে পঞ্চম দিনের খেলা শুরুর আগে অনুশীলনে হ্যামস্ট্রি ইনজুরিতে পড়েন উইকেটকিপার বিজে ওয়াটলিং। তিনিও তাই মাঠে নামেননি। তবে, এই ইনজুরিটা নিউজিল্যান্ডের টিম ম্যানেজমেন্টের কপালে দুশ্চিন্তার ভাঁজ বাড়াচ্ছে না। কারণ, কোচ নিজেই জানিয়ে দিয়েছেন যে, ওয়াটলিংয়ের ইনজুরিটা খুব একটা ঝুঁকিপূর্ণ নয়। সাবধানতা অবলম্বন করতেই তাকে মাঠে নামানো হয়নি।
