স্পোর্টস ডেস্ক
কোচ জিনেদিন জিদান জানিয়েছেন তার রিয়াল মাদ্রিদে ফেরার কারণ তিনি ক্লাবটি ও এর সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে ভালোবাসেন। একই সাথে তিনি রিয়ালকে আগের জায়গায় ফিরিয়ে আনার ব্যাপারে নেতৃত্ব দিতে যাচ্ছেন বলেও শিহরিত।
যদিও এবার রিয়াল কোচ হিসেবে ফরাসি কিংবদন্তির সামনে অনেক চ্যালেঞ্জ। বিশেষ করে দলে ব্যাপক পরিবর্তন আনার দুরূহ কাজটি করতে হবে তাকে। এর মধ্যে অন্যতম ক্রিশ্চিয়ানো রোনালদো চলে যাওয়ার পর সৃষ্ট শূন্যতা পূরণে বড় মাপের এক বা একাধিক তারকাকে আনা। জিদান ক্লাব সভাপতির কাছ থেকে এ জন্য দল পরিচালনায় ব্যাপক স্বাধীনতার নিশ্চয়তা নিয়েছেন।
ফ্রান্সের সাবেক এই তারকা ফুটবলার গত সোমবার ফুটবলামোদীদের বিস্মিত করে দ্বিতীয়বারের মতো রিয়ালের কোচ হিসেবে দায়িত্ব নেন। গত বছরের মে মাসে পদত্যাগ করা জিদান এবার তিন বছরের জন্য চুক্তি করেছেন। কোচ সান্তিয়াগো সোলারির স্থলাভিষিক্ত হন তিনি।
বার্সেলোনা ও আয়াক্সের কাছে অবমাননাকর হারের কারণে ওই দিনই আর্জেন্টাইন সোলারিকে বরখাস্ত করা হয়। রিয়াল অবশ্য সোলারিকে অন্য কোনো পদে তাদের সাথে থেকে যাওয়ার প্রস্তাব দিয়েছে।
জিদান আগেরবার রিয়ালকে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জেতান। সব মিলিয়ে স্পানিশ রাজধানীর এই ক্লাবে নয়টি ট্রফি জয়ের কৃতিত্ব আছে তার। প্রত্যাবর্তনের অনুষ্ঠানে জিদান বলেন,‘এটা সবার জন্যই বিশেষ একদিন। আমি বাড়িতে ফিরতে পেরে খুবই আনন্দিত। আমার আর বলার কিছু নেই। আমি ফিরতে পেরে খুবই আনন্দিত। আমি এ ক্লাবটিকে এর যেখানে থাকা উচিত সেখানে ফেরাতে চাই।’
রিয়াল ছেড়ে নিজের চলে যাওয়া নিয়েও কথা বলেন তিনি। জিদানের ভাষায়, ‘আমি চলে যাই কারণ গত মৌসুম শেষে সবার ভালোর জন্যই একটা পরিবর্তন দরকার ছিল। বিশেষ করে তারা অনেক কিছুই জিতেছিল বলে। সভাপতি আমাকে ডেকেছে বলে আমি ফিরে এসেছি এবং আমি তাকে ও ক্লাবকে ভালোবাসি।’ তিনি আরো বলেন, ‘আট মাস পর আমি কোচিংয়ে ফিরতে উদগ্রীব ছিলাম। এটা বড় একটা দায়িত্ব। এখানকার সব খেলোয়াড়ই ক্লাবটিকে ভালোবাসে। এবং আমি আরো একজন। আমি এই ব্যাজ লাগিয়ে খেলেছি, আমি জিতেছিও অনেক।’
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল ও কোপা দেল রে’র সেমিফাইনাল থেকে আগেই বাদ পড়া রিয়াল দৃশ্যত স্পানিশ লিগের শিরোপা লড়াইয়েও নেই। গত রবিবার রাতে লিগে রিয়াল ভায়াদোয়িদের মাঠে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৪-১ গোলে জিততে সক্ষম হয় সোলারির দল। তারপরও শিরোপাধারী বার্সার চাইতে রিয়াল এখন ১২ পয়েন্ট পেছনে।
ফরাসি এই কোচ তার সামনের চ্যালেঞ্জ সম্পর্কে কোনো বিভ্রান্তিতে নেই। কারণ জিদান নিজেই জানান যে নিজের শেষ মৌসুমে লিগ শিরোপা কিংবা কোপা দেল রে জিততে না পারার হতাশা ছিল তার।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা কি জিতেছিলাম সেটা আমি ভুলিনি। তবে আমি খারাপ ব্যাপারগুলোও ভুলিনি। আমরা দ্রুতই লা লিগা খুইয়েছিলাম। এমনকি কোপা দেল রেও। ঠিক আছে আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলাম। কিন্তু আমি জানি আমি কোথায় আছি। আমি নিজেকে উজাড় করে দিতে যাচ্ছি যাতে করে এই দলটার আরো ভালো হয়।’
ক্লাব সভাপতি পেরেজ জানান, তিনি পাঁচদিন আগে জিদানকে ফেরার অনুরোধ করেছিলেন এবং ‘নতুন জমানার’ চ্যালেঞ্জ গ্রহণের কারণে তাকে ধন্যবাদ জানান পেরেজ। স্কোরসওয়ে।
