জুয়েল ও জুনাইনাকে কেউ ছুঁতে পারছে না

আপডেট : ১২ মার্চ ২০১৯, ২১:২০

স্পোর্টস রিপোর্টার

নৌবাহিনীর জুনাইনা আহমেদ এবং সেনাবাহিনীর জুয়েল আহম্মেদ। এই দুই সাঁতারু এবারের ২৯তম জাতীয় সাঁতারের সব আলো কেড়ে নিয়েছেন। একদিকে টানছেন জুনাইনা। অন্যদিকে টানছেন জুয়েল আহম্মেদ। জুয়েল দেশের সিনিয়র সাঁতারু। আর জুনাইনা নতুন। ২০১৭ সালে জাতীয় জুনিয়রে খেলেছিলেন। এবারই প্রথম জাতীয় সাঁতারে খেলছেন জুনাইনা আহমেদ। তারপরও দুই প্রান্তে এই দুজনই এখন আলোচনার মধ্যমনি। এগিয়ে চলেছে সেনাবাহিনী ও নৌবাহিনী। গতকাল জাতীয় সাঁতারের তৃতীয় দিনেও জুয়েল এবং জুনাইনের রেকর্ড দেখেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় আসরে অংশ নিতে আসা সাঁতারুরা। পুরুষদের ২০০ মিটার বাটার ফাই ইভেন্টে সেনাবাহিনীর জুয়েল আহম্মেদ নতুন জাতীয় রেকর্ড করেছেন।  ২০০৪ সালে নৌবাহিনীর আরেক সাঁতারু জুয়েল আহমেদের রেকর্ড ভেঙেছেন সেনাবাহিনীর জুয়েল আহম্মেদ। ৫০ মিটার ব্যাক স্ট্রোকেও জুয়েল নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। মেয়েদের ২০০ মিটার বাটার ফাই ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন জুনাইনা আহমেদ।

২০১৬ সালে রুমানা আক্তারের টাইমিং ছিল ০২:৪১.০৩। জুনাইনার টাইমিং ০২:৩৪.১৪। ৪০০ মিটার ফ্রিস্টাইলেও জুনাইনা নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। ২০১৬ সালে জাতীয় সাঁতারের গত আসরে নাজমা খাতুনের টাইমিং ছিল ০৫:০৭.১০। জুনাইনার টাইমিং ০৪:৫৩.৩১। পুরুষদের এই ইভেন্টে সেনাবাহিনীর ফয়সাল আহমেদ মাহফিজুর রহমান সাগরের রেকর্ড ভেঙেছেন। পদক তালিকায় নৌবাহিনী ২০টি এবং সেনাবাহিনী ৮টি স্বর্ণ জয় করে শীর্ষে রয়েছে। গতকাল তৃতীয় ৬টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়।