ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ রকিবুলের ব্যাটে জিতল মোহামেডান

আপডেট : ১২ মার্চ ২০১৯, ২১:২০

স্পোর্টস রিপোর্টার

শেষ ওভারে জয়ের জন্য মোহামেডানের দরকার ছিল ৯ রান। প্রথম বলটিই ওয়াইড দেন খেলাঘর সমাজ কল্যাণ সমিতির তরুণ পেসার ইরফান হোসেন। পরের দুই বলে ছক্কা ও চার মেরে মোহামেডানকে জয় এনে দেন রকিবুল হাসান। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে পরপর দুই ম্যাচে অধিনায়ক রকিবুলের ব্যাটে জিতল ক্লাবটি। গতকাল মিরপুর স্টেডিয়ামে খেলাঘরকে চার উইকেটে পরাজিত করেছে মোহামেডান। দুই ম্যাচেই হেরেছে খেলাঘর। টানা দুই ম্যাচ হারলো খেলাঘর। ম্যাচ জয়ী ইনিংস খেলা রকিবুল ম্যাচ সেরা হন।

মিরপুরে ২২৬ রানের টার্গেট পাড়ি দিতে গিয়েও চাপে পড়েছিল মোহামেডান। ১২২ রানে চার উইকেট হারায় তারা। পঞ্চম উইকেটে রকিবুল-নাদিফ চৌধুরীরর ৮৩ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় মোহামেডান। নাদিফ ৩৯ রান করে আউট হলেও রকিবুল ম্যাচ শেষ করেই মাঠ ছাড়েন। ৮৮ বলে অপরাজিত ৮৪ রান (৮ চার, ১ ছয়) করেন। আব্দুল মজিদ ৪০, অভিষেক মিত্র ২৭, ইরফান শুক্কুর ১৬ রান করেন। ৪৯.২ ওভারে ছয় উইকেটে ২২৮ রান তুলে ম্যাচ জিতে নেয় মোহামেডান। খেলাঘরের রবিউল হক, তানভির ইসলাম দুটি করে উইকেট নেন। এর আগে ৪৭.৩ ওভারে ২২৫ রানে অলআউট হয় খেলাঘর। অমিত মুজমদার ৩৭, মোসাদ্দেক ইফতেখার ৮৭, অশোক মেনারিয়া ২৬ রান করেন। মোহামেডানের সোহাগ গাজী তিনটি, কাজী অনিক-আলাউদ্দিন বাবু দুটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

খেলাঘর: ৪৭.৩ ওভারে ২২৫ (মোসাদ্দেক ইফতেখার ৮৭, অমিত মজুমদার ৩৭, অশোক মেনারিয়া ২৬, রবিউল ইসলাম রবি ১৯, নাজিমউদ্দিন ১২, মাহিদুল ইসলাম অঙ্কন ১০; সোহাগ গাজী ৩/৪১, কাজী অনিক ২/১৯, আলাউদ্দিন বাবু ২/৪২, শফিউল ১/৩৩, আশরাফুল ১/৪৪)

মোহামেডান: ৪৯.২ ওভারে ২২৮/৬ (রকিবুল ৮৪*, আব্দুল মজিদ ৪০, নাদিফ চৌধুরী ৩৯, অভিষেক মিত্র ২৭, ইরফান শুক্কুর ১৬, আশরাফুল ১০; রবিউল ২/৪১, তানভির ২/৪১, রবিউল ইসলাম রবি ১/৩১, মাসুম খান ১/৩৫)

ফলাফল: মোহামেডান চার উইকেটে জয়ী।