পুরনো সংস্করণের ইন্টারনেট এক্সপ্লোরারে কারিগরি সহায়তা বন্ধ

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ১০:৪৯
মঙ্গলবার থেকে ইন্টারনেট এক্সপ্লোরার ৮, ৯ এবং ১০-এর জন্য সব ধরণের সিকিউরিটি আপডেট বা কারিগরি সহায়তা আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিচ্ছে টেক জায়ান্ট মাইক্রোসফট। এতে এই সংস্করণগুলো ব্যবহার করলে নতুন নতুন ভাইরাস ও সাইবার হামলার ঝুঁকিতে থাকবেন ব্যবহারকারীরা।
 
এক্ষেত্রে ব্যবহারকারীরা ইন্টারনেট এক্সপ্লোরার ১১ ব্যবহার করতে পারবেন বা ইন্টারনেট এক্সপ্লোরার ৮, ৯ এবং ১০ -কে সর্বশেষ সংস্করণে আপগ্রেড করে নিতে পারবেন।
 
এক ঘোষণায় মাইক্রোসফট জানিয়েছে, ইন্টারনেট এক্সপ্লোরার ১১ আগের চেয়ে অনেক নিরাপত্তা। তাই আগের সংস্করণগুলো বাদ দিয়ে এক্সপ্লোরার ১১ ব্যবহার বেছে নেয়া যেতে পারে।
 
বর্তমানে প্রায় ১২ কোটি ৪০ লাখ ব্যবহারকারী ইন্টারনেট এক্সপ্লোরার ১০ এবং এর পূর্ববর্তী সংস্করণ ব্যবহার করেন। তবে উইন্ডোজ ৭ -এর কারণে অধিকাংশ ব্যবহারকারী সবচেয়ে বেশি ব্যবহার করেন ইন্টারনেট এক্সপ্লোরার ৯।
 
২০১৪ সালের মধ্যবর্তী সময়ে মাইক্রোসফট জানিয়েছিল, ইন্টারনেট এক্সপ্লোরার ১১-ই হবে ব্রাউজারটির শেষ সংস্করণ। প্রথম ১৯৯৫ সালে ব্রাউজারটি লঞ্চ করেছিল মাইক্রোসফট। এরপর থেকে নিরাপত্তা ত্রুটির কারণে বলতে গেলে প্রায় সবসময়ই সমালোচিত হয়েছে ব্রাউজারটি। এমনকি উইন্ডোজ ব্যবহারকারীরাও ব্রাউজারটি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। পরে উইন্ডোজ ১০-এর সঙ্গে নতুন ব্রাউজার মাইক্রোসফট এজ নিয়ে আসে প্রতিষ্ঠানটি।
 
এজ ব্রাউজারটিকে নিরাপদ বলেই দাবি করেছে মাইক্রোসফট। কারণ হিসেবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছিল, এটি অ্যাডওয়্যার এবং টুলবার হাইজ্যাকিং ঠেকাতে সক্ষম।