আন্দোলনের নামে যারা মানুষ পুড়িয়ে মারে সেই বিএনপির রাজনীতি প্রত্যাখ্যান করার জন্য দেশের মানুষের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। বুধবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।
ড. হাছান মাহমুদ বলেন, যার নেতৃত্বে দেশ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে তাকে বারবার নির্বাচিত করুন। আর যে আন্দোলনের নামে মানুষকে পুড়িয়ে মারে তাকে প্রত্যাখান করুন।
তিনি বলেন, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ পৃথিবীর অনেক দেশ রয়েছে যেসব দেশ যে দলের নেতৃত্বে স্বাধীন হয়েছে সে দল এখনও ক্ষমতায় রয়েছে। আর সেজন্য তারা অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ব্যাপকভাবে সফলতা লাভ করেছে।
দেশের মানুষের রায় ছাড়া আওয়ামী লীগ একদিনও ক্ষমতায় থাকতে চায়না উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে উন্নয়নের মডেল হিসেবে থাইল্যান্ড ও মালয়েশিয়ার সাথে বাংলাদেশের নামও থাকবে।
তিনি বলেন, দেশে গণতন্ত্র রয়েছে বলেই বিএনপি নেতারা লাগামহীন বক্তব্য রাখতে পারছেন। সরকারের কাজের যেমন সমালোচনা করার অধিকার তাদের রয়েছে। তেমনি সরকারের ভালো কাজেরও তাদের প্রশংসা করা উচিত।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা বিভাগের সভাপতি মাকসুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, আবাহনী লিমিটেডের পরিচালক এসএম জাহাঙ্গীর হোসেন ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা।-বাসস।
