অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেয়া প্রতিশ্রুতি পূরণ ও সকল অসঙ্গতি দূরীকরণের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষকরা তৃতীয় দিনের মত বুধবার ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে মৌন মিছিল করেছেন। এদিকে শিক্ষকদের দাবির সাথে একমত হয়ে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের একাংশ।
দুপুর দেড় টার দিকে মৌন মিছিলটি ক্যাম্পাস পরিদর্শন করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এসে সমাবেত হয়। পরে আন্দোলনের বিষয়ে বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. খন্দকার শরীফুল ইসলাম বলেন, ‘আমরা বেতন চাইনি, মর্যাদা চেয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করব।’
এদিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে আয়োজিত মানববন্ধনে ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরীর সঞ্চালনায় ও সভাপতি আশরাফুল ইসলাম মিল্টনের সভাপতিত্বে বক্তারা শিক্ষকদের দাবিকে যৌক্তিক দাবি করেন।
