ঝিনাইদহে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

আপডেট : ১২ মার্চ ২০১৯, ২১:২৭

ভ্রাম্যমাণ প্রতিনিধি

মঙ্গলবার সকালে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় ভাঙচুর করা হয়েছে ১৫টি বাড়ি-ঘর। আহতদের মধ্যে আটজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলার পরানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস জানান, সদর উপজেলার পরানপুর গ্রামে দীর্ঘদিন ধরে হরিশংকরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম ও সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ঘটনার দিন উভয় পক্ষের লোকজন ঢাল, সুড়কি, রামদা, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গ্রামে উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন আছে।