মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা দানবীর রণদা প্রসাদ সাহার স্মরণে প্রবর্তিত ‘রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক ২০১৯’ এ ভূষিত হচ্ছেন দেশ বরেণ্য চার ব্যক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৪ মার্চ টাঙ্গাইলের মির্জাপুরে এ পদক বিতরণ এবং কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ৮৬তম বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন।
এ উপলক্ষে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ট্রাস্টের পরিচালক প্রতিভা মুত্সুদ্দি লিখিত বক্তব্যে জানান, এবার রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক প্রাপ্তরা হলেন- হোসেন শহীদ সোহরাওয়ার্দী (মরণোত্তর), কবি কাজী নজরুল ইসলাম (মরণোত্তর), জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম এবং চিত্রশিল্পী মুক্তিযোদ্ধা শাহাবউদ্দিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ মার্চ কুমুদিনী কমপ্লেক্সে আসছেন। সঙ্গে তার বোন শেখ রেহানা এবং মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য থাকবেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম, সাবেক অধ্যক্ষ ডা. এম এ জলিল, ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ আনোয়ারুল হক, শিক্ষক হেনা সুলতান প্রমুখ।
