যুদ্ধদিনের স্মৃতিচারণামূলক গ্রন্থের মোড়ক উন্মোচন

মুক্তিযুদ্ধ ও যোদ্ধাদের রক্ষার দায়িত্ব আমাদের: ঢাবি উপাচার্য

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ১৫:২৯
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরেফিন সিদ্দিকী বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধ ও যোদ্ধারা আমাদের সম্পদ। একে রক্ষা করার দায়িত্ব আমাদের।
 
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ৭১ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে রচিত ‘একাত্তরের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বীরগাঁথা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
আরেফিন সিদ্দিকী বলেন,  মুক্তিযুদ্ধ ও যোদ্ধাদের নিয়ে কেউ বিরূপ মন্তব্য করলে সহ্য করা হবে না। এসময় তিনি শহীদ মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে খালেদা জিয়া ও গয়েশ্বর রায়ের বক্তব্যের সমালোচনা করেন।
 
প্রকাশিত বইটি সম্পর্কে ঢাবি উপাচার্য আশা প্রকাশ করে বলেন, এই বইটি নতুন প্রজন্মের হাতে তুলে দেয়া গেলে মুক্তিযুদ্ধের মর্যাদা সমুন্নত থাকবে। পাশাপাশি উপকৃত হবে দেশ ও জাতি।
 
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিভিন্ন স্থানে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে ৭১ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার দুঃসাহসিক সব সম্মুখযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ সম্বলিত  বই ‘একাত্তরের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বীরগাঁথা’।
 
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. শাহজাহান কবির বীরপ্রতীক সম্পাদিত স্মৃতিচারণামূলক বইটি প্রকাশ করেছে সাহিত্য প্রকাশ। বইটিতে ১১টি সেক্টর ও সেক্টর কমান্ডারদের দুঃসাহসিক সম্মুখযুদ্ধের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। এছাড়া ৭১ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে সাতজন বীরশ্রেষ্ঠ, ১২ জন বীরউত্তম, আটজন বীরবিক্রম ও ৪৪ জন বীরপ্রতীকের জীবনী সবিস্তারে বিধৃত হয়েছে।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাপ্টেন শাহাবুদ্দীন বীর উত্তম। ‘একাত্তরের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বীরগাঁথা’ বইয়ের সম্পাদক মো. শাহজাহান কবির বীরপ্রতীক ছাড়াও সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুর রহমান, বদিউল আলম বীর উত্তম, শাহজাহান সিদ্দিকী বীরবিক্রম ও আব্দুল হক বীরবিক্রম।-ফোকাস বাংলা।