১৬০ কোটি ডলারের পাওয়ার বল লটারি জয়ী!

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ১৭:২৩
 
টেলিভিশন পর্দায় লাখো মানুষের চোখ। অপেক্ষা ছিল একটি ঘোষণার। কিছু সময়ের জন্য ছিল পিন পতন নিরবতা। আর তারপর লাখো মানুষের হতাশা এবং এক জনের উচ্ছাস। এমনই এক মূহূর্তের সাক্ষী হয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের এক লটারি বিজয়ী। ১০৬০ কোটি মার্কিন ডলারের 'পাওয়ার বল জ্যাকপট' নিয়ে বেশ উত্তেজনা ছিল মঙ্গলবার পর্যন্ত।
 
বার্তা সংস্থা এএফপি বৃহস্পতিবার জানিয়েছে বুধবার অনুষ্ঠিত এই লটারির ড্র টেলিভিশনের পর্দায় দেখেছেন লাখো মানুষ। পাওয়ারবল সংখ্যা ১০-সহ এবারের জয়ী নাম্বার ৮, ২৭, ৩৪, ৪ ও ১৯। ক্যালিফোর্নিয়া লটারি টুইটে বলা হয়, 'ক্যালিফোর্নিয়ায় আমরা একজনকে বিজয়ী হিসেবে পেয়েছি। এই নম্বরের একটি টিকিট চিনো হিলসে বিক্রি হয়েছে। এখন অন্য অঙ্গরাজ্যগুলো থেকে ফল পাওয়ার অপেক্ষা করছি আমরা।'
 
এদিকে চিনো হিলসের দোকানদার বিষয়টি নিশ্চিত করার পর থেকে সেখানে ছিল স্থানীয় ও গণমাধ্যম কর্মিদের উপচে পড়া ভিড়। দোকানদার জানান, কোন এক ভাগ্যবান ব্যক্তি আমার দোকান থেকে টিকেটটি কিনে আমাকেই বিখ্যাত করে দিল।
 
গত ৭ নভেম্বর থেকে চার কোটি ডলার মূল্যমানের এই লটারির যাত্রা শুরু। এর মধ্যে ২০টির মতো ড্র হলেও কোনো জয়ী পাওয়া যায়নি। তাই যতই দিন যাচ্ছিল, এই লটারি ঘিরে মানুষের আগ্রহ বাড়ছিল। মানুষের আগ্রহের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল বিক্রি। রীতিমতো লটারি-জ্বরে আক্রান্ত হয়েছিল মার্কিনিরা। লটারি জেতার আশায় ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েছিলেন দোকানগুলোতে। দোকানের বাইরে ছিল ক্রেতাদের দীর্ঘ সারি।
 
গত শনিবারও এই লটারির ড্র হয়। তখন এর মূল্যমান ছিল ৯০ কোটি ডলার। সেদিন কোনো জয়ী না পাওয়ায় বুধবার আবার ড্রয়ের দিন নির্ধারণ করা হয়। এবার এর মূল্যমান বেড়ে প্রায় ১৬০ কোটি ডলার হয়ে যায়। যদিও তখন মনে করা হয়েছিল, লটারির মূল্যমান বেড়ে হয়তো ১৩০ কোটি ডলারের মতো হতে পারে। কিন্তু বিক্রি বেড়ে যাওয়ায় প্রত্যাশার চেয়েও বেশি মূল্যমান হয়ে যায় এই লটারির, যা যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করে।