ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহে মাদ্রাসা ছাত্র মিরাজ হোসেন হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরো দু’বছর করে কারাদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার ঝিনাইদহের অতিরিক্ত জেলা জজ প্রথম আদালতের বিচারক এমজি আযম এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছে, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার পুটখালী গ্রামের মৃত কাশেম আলির ছেলে আতাহার আলি ওরফে আতিক হুজুর ও ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ভোমড়াডাঙ্গা গ্রামের আনারুলের ছেলে হাবিবুর রহমান। মামলায় অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৪ মার্চ কোটচাঁদপুর উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামের মোহর আলীর ছেলে মাদ্রাসা ছাত্র মিরাজ হোসেন গ্রামের একটি মাদ্রাসায় ওয়াজ মাহফিল শুনতে যায়। ওই দিন রাতে সে বাড়ি ফিরে না। অনেক খোঁজাখুঁজির পর পরদিন সকালে গ্রামের মাঠে ভূট্টা ক্ষেত থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের চাচা জিন্দার আলী বাদী হয়ে কোটচাঁদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ চারজনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে।
