সব মানুষের পুষ্টি নিশ্চিত করতে হবে : মতিয়া চৌধুরী

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ২০:৫৩
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সব বয়সের মানুষের জন্য পুষ্টি নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেছেন।
 
তিনি বলেন, সব বয়সের মানুষই অপুষ্টিতে ভুগতে পারে। মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি প্রবীনদের পুষ্টিসেবা নিয়েও কাজ করতে হবে। প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হয়ে অপুষ্টিতে আক্রান্ত হন অনেক প্রবীন নারী -পুরুষ।
 
বৃহস্পতিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত ‘জাতীয় পুষ্টি নীতি-২০১৫’ অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
 
স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, ইউনিসেফ প্রতিনিধি এডুওয়ার্ড বেগবেডার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. এন পারানিয়েথেরান, জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থার (এফএও) প্রতিনিধি মাইক রবসন প্রমুখ বক্তব্য রাকেন।
 
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইপিএইচএন পরিচালক ডা. মো. কামরুল ইসলাম।
মতিয়া চৌধুরী বলেন, পুষ্টি প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। খাদ্যে স্বয়ং সম্পূর্ণ না হলে পুষ্টি সমস্যার সমাধান হবে না। তাই খাদ্য নিরাপত্তা ও সম্পদে সবার অধিকার নিশ্চিত করেছে বর্তমান সরকার। বাংলাদেশের মানুষের গড় আয়ু ও ক্রয় ক্ষমতা বেড়েছে। দুই বেলা খাবার নিয়ে মানুষ আজ চিন্তা করে না। এখন নিরাপদ খাদ্য নিশ্চিত করা দরকার। বর্তমান সরকার অবশ্য এ বিষয়ে বেশ কিছু কঠোর আইন প্রণয়ন করেছে। নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতকরণে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় থাকা দরকার বলে মনে করেন কৃষিমন্ত্রী।