সংবাদ সংক্ষেপ

আপডেট : ১২ মার্চ ২০১৯, ২১:২৯

 

বারহাট্টায় কারচুপির অভিযোগ এনে নৌকার পরাজিত প্রার্থীর সংবাদ সম্মেলন

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে ২০টি ভোট কেন্দ্রে কারচুপির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম রসুল তালুকদার। নেত্রকোনা জেলা প্রেসক্লাবে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি সহকারী রিটার্নিং অফিসার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনেন। তিনি এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের গেজেট বিজ্ঞপ্তি স্থগিত রেখে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাংবাদিকদের মাধ্যমে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান পদের পরাজিত প্রার্থী জবা আক্তার ও সন্ধ্যা রানি রায়।

ধামরাইয়ে পুলিশ-শিক্ষার্থী মতবিনিময়

ধামরাই (ঢাকা) সংবাদদাতা ঢাকার ধামরাইয়ে সোমবার পুলিশ ও শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ আয়োজিত এ সভায় শিক্ষার্থীরা মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্য বিবাহকে ‘না’ বলে। প্রধান শিক্ষক আ. রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান। ওসি দীপক চন্দ্র সাহাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক এসময় উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের গ্রন্থাগারের জন্য শাহ মিজান শাফিউর রহমান সম্পাদিত গৌরবময় স্বাধীনতা গ্রন্থের কপি প্রতিষ্ঠান প্রধানদের কাছে হস্তান্তর করা হয়। এসডিআইয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের দেওয়া হয় বিভিন্ন শ্লোগান সম্বলিত সুদর্শন স্কেল।

ময়মনসিংহে আঞ্চলিক এসএমই

পণ্য মেলার উদ্বোধন

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহে ৬১টি স্টল নিয়ে সাত দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা শুরু হয়েছে। মঙ্গলবার শহরের টাউন হল মাঠে এই মেলার উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। এসএমই ফাউন্ডেশনের আয়োজনে ও জেলা প্রশাসন, বিসিক, চেম্বার অব কমার্স, নাসিব ও বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি হয়। র্যালিটি টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার মেলায় এসে শেষ হয়ে। এর আগে টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, র্যাব ১৪ অধিনায়ক লে. কর্নেল. ইফতেখার উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির প্রমুখ।

কটিয়াদী উপজেলা আওয়ামী

লীগের বর্ধিত সভা

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার বিশেষ বর্ধিত সভা হয়। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহাব আইন উদ্দিন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী তানিয়া সুলতানা হ্যাপী। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পৌর মেয়র শওকত উসমান, সাবেক পৌর প্রশাসক মোহাম্মদ আলী, রফিকুল ইসলাম মাস্টার, বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলীয় নেতৃবৃন্দ।

দেবীগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা দেবীগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজিতে চাল বিক্রি কার্যক্রম মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে। দেবীগঞ্জ বাজারের  এসসিডিপি মার্কেটে খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ কামরুজ্জামান। এ সময় দেবীগঞ্জ এলএসডি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, ডিলার শফিউর রহমান মুক্তা, মিজানুর রহমান মাজু প্রমুখ উপস্থিত ছিলেন। 

কামারখন্দে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা

সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সোমবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১০ জন বীর মুক্তিযোদ্ধাকে উত্তোরণ পরিয়ে দেওয়া ও ক্রেস্ট প্রদান করা হয়। স্কুল কমিটির সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন— ’৭১-এর বীর মুক্তিযোদ্ধা আলী করির হায়দার, অ্যাডভোকেট বিমল কুমার দাস, গাজী ফিরোজী প্রমুখ।

বরিশালে ‘অগ্রগতির জন্য সমতাঃ রাজনীতিতে

নারী’ শীর্ষক আলোচনা সভা

বরিশাল অফিস আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘অগ্রগতির জন্য সমতা : রাজনীতিতে নারী’ শীর্ষক আলোচনা সভা গতকাল মঙ্গলবার নগরীর একটি রেস্তোরায় অনুষ্ঠিত হয়। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বরিশাল আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে আলোচনা সভায় এ বছরের আন্তর্জাতিক নারী দিবসের মূল প্রতিপাদ্য ‘অগ্রগতির জন্য সমতা’র (Balance for better) আলোকে বাংলাদেশে নারীর রাজনৈতিক অংশগ্রহণ, অবস্থান ও ক্ষমতায়ন নিয়ে আলোচনা করা হয়। “নারীর জয়ে সবার জয়” ক্যাম্পেইনের আওতায় এ অনুষ্ঠানে ক্যাম্পেইন পরিচিতি তুলে ধরেন আশরুপা চৌধুরী। সভা পরিচালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বরিশাল আঞ্চলিক কার্যালয় রিজিওনাল ম্যানেজার দিপু হাফিজুর রহমান। প্যানেল বক্তা ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনূস, নারী নেত্রী প্রফেসর প্রফেসর শাহ্, বিএনপির ঝালকাঠী জেলার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, বরগুনা জেলার যুগ্ম আহবায়ক জেসমিন আক্তার, বরগুনা জেলার মহিলা লীগের সাধারণ সম্পাদক হোসনে আরা চম্পা।

লোহাগাড়ায়  গ্রাম আদালত শীর্ষক কর্মশালা

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা কার্যকরী গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় বিচারিক চাহিদা এবং যথাযথ আইনি সেবা প্রদানের ক্ষেত্রে নারীদের ভূমিকা, নারীদের অধিকতর দায়িত্বশীল করা, স্থানীয় জনগণের দোর গোড়ায় গ্রাম  আদালতের সেবা পৌছে দিতে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণের গুরুত্ব শীর্ষক কর্মশালা গত সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার আবু আসলামের  সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ, উপজেলা বিজ্ঞান  ও প্রযুক্তি ক্লাবের সম্পাদক অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, প্রকল্পের জেলা সমন্বয়কারী সাজেদুল আনোয়ার ভুঞা, সাতকানিয়া উপজেলা সমন্বয়কারী জানে আলম, লোহাগাড়া উপজেলা সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল হাকিম, আধুনগর ইউনিয়ন গ্রাম আদালত সহকারী মো. আলমগীর হোসাইন।      

তাড়াশে নির্বাচন পরবর্তী সংঘর্ষে আহত পাঁচ

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সোমবার বিকালে তাড়াশে নির্বাচন পরবর্তী সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া ও পেঙ্গুয়ারি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনির কর্মী-সমর্থকরা পরাজিত আওয়ামী লীগ প্রার্থী সঞ্জিত কর্মকারের কর্মী-সমর্থকদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।

মির্জাপুরে চেয়ারম্যান প্রার্থী সেই রূপা রায়

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে এমপি পদে নির্বাচন করে জামানত হারানো সেই শ্রীমতি রূপা রায় চৌধুরী এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। শ্রীমতি রূপা রায় চৌধুরী প্রগতিশীল বামদল বাংলাদেশ রামকৃষ্ণ পার্টির চেয়ারম্যান। তার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৮নং ভাদগ্রাম ইউনিয়নের বাগজান গ্রামে। জানা গেছে, রূপা রায় চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে প্রথম নারী এমপি প্রার্থী হয়ে নির্বাচন করেছেন। ১৫৮ ভোট পেয়ে তিনি জামানত হারিয়েছিলেন। এবার ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনেও প্রথম নারী চেয়ারম্যান প্রার্থী হিসেবে রূপা রায় প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শিবপুরে চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থনে জনসভা

নরসিংদী প্রতিনিধি

শিবপুর উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে প্রবীণ রাজনীতিবিদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব হারুন অর রশিদের নৌকা প্রতীকের সমর্থনে সোমবার  ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় এক বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু মাস্টারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শিবপুরের সাবেক এমপি ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল প্রমুখ।

প্রার্থিতা ফিরে পেলেন সাজেদা আক্তার

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা

সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা ফিরে পেয়েছেন জেলা যুব মহিলা লীগের সিনিয়র সদস্য, সেনবাগ উপজেলা যুব মহিলা লীগের নেত্রী, উপজেলা পরিষদের সংরক্ষিত আসনে সাবেক মহিলা সদস্য ও ইউপি মেম্বার সাজেদা আক্তার শিল্পী। সোমবার উপজেলা পরিষদ নির্বাচনের আপিল কর্তৃপক্ষ ও নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস সাজেদা আক্তার শিল্পীর আপিলে মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন। এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে সাজেদা আক্তার শিল্পীর প্রার্থিতা বাতিল করা হয়।