ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ায় ভারতে আত্মহত্যা

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৬, ১৭:১০
ভারতের উত্তর প্রদেশে এক মধ্যবয়সী নারীকে গণধর্ষণ করে সেই ঘটনার ভিডিও ছড়িয়ে দেয়ার পর ওই নারী আত্মহত্যা করেছেন।
 
পুলিশের কাছে অভিযোগ করে তার স্বামী জানিয়েছেন, রবিবার রাতে তাকে গণধর্ষণ করা হয়। আর মঙ্গলবার ভিডিওটি ছড়িয়ে পড়ে তাদের গ্রামে। বিকালে সে বিষপান করে আত্মহত্যা করে।
 
এ ঘটনায় মূল অভিযুক্ত সাহিবকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তার পরও এলাকাবাসী তাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গত দু’দিন ধরে বিক্ষোভ করে আসছে। উত্তর
 
প্রদেশের মুজফফরনগরের ছাপড়া গ্রামের বাসিন্দা ৪০ বছর বয়সী ওই নারী একজন গ্রামীণ স্বাস্থ্য সহকারী। তাকে ওইদিন রাতে গ্রামেরই এক ব্যক্তি ডেকে নিয়ে যায় এক আত্মীয়ার প্রসবের ব্যথার কথা বলে। পরে তাকে বাড়ি ফিরিয়ে দেয়ার নাম করে ওই ব্যক্তি এবং তার তিন সঙ্গী ধর্ষণ করে এবং পুরো ঘটনা ভিডিও করে রাখে। মূল অভিযুক্ত ওই ভিডিওটি গ্রামে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। বিকালের মধ্যেই সেটি সত্যি সত্যি ছড়িয়ে দেয়া হয়। এ ঘটনা শোনার পরপরই ওই নারী আত্মহত্যা করেন।
 
মুজফফরনগরের পুলিশ সুপারিন্টেনডেন্ট প্রদীপ গুপ্তা বলেন,  ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় যেটা অপরাধ, সেটাই করা হয়েছে ওই নারীর সঙ্গে। দণ্ডবিধির বেশ কয়েকটি ধারার সঙ্গে তথ্যপ্রযুক্তি আইনেও অভিযোগ জমা দেয়া হয়েছে। সূত্র: বিবিসি