বিশ্বসাহিত্য কেন্দ্রের দুই দিনব্যাপী পুরস্কার বিতরণী উৎসব শুরু

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৬, ১৭:০৭
বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রম ২০১৫ এর আওতায় দুই দিনব্যাপী পুরস্কার বিতরণী উৎসব শুরু হয়েছে।
 
শুক্রবার সকাল নয়টায় রাজধানীর রমনার বটমূলে এই উৎসবের উদ্বোধন করা হয়। বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ আমন্ত্রিত অতিথিদের নিয়ে নানান রঙের বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন।
 
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মামুনুর রশিদ, বিশিষ্ট কথা সাহিত্যিক ও সাংবাদিক ইমদাদুল হক মিলন, জনপ্রিয় লেখক, কলামিস্ট এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল, রিহ্যাবের সাবেক সভাপতি প্রকৌশলী মো. আব্দুল আউয়াল, লেখক, নাট্যকার ও দৈনিক প্রথম আলোর উপ-সম্পাদক আনিসুল হক, বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ও আইএফআইসি ব্যাংকের এমডি শাহ আলম সারোয়ার এবং গ্রামীণফোনের হেড অব কর্পোরেট রেসপন্সিবিলিটি দেবাশীষ রায়।
 
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘বই মানুষের হৃদয়কে সুন্দর করে, জীবনকে সমৃদ্ধ করে। আর সমৃদ্ধ হৃদয়ের মানুষরাই পারে একটি সমৃদ্ধ জাতি গঠন করতে।’
 
তিনি আরো বলেন, ‘ফেসবুক, টুইটার কখনোই বইয়ের স্থান নিতে পারবে না। এগুলো হালকা জিনিস, মানুষ এগুলোর কাছে গেলেও আবার বইয়ের কাছে ফিরে আসবে।’
 
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরী বলেন, বইপড়ার লাভ হচ্ছে এতে জ্ঞানের পরিধি বাড়ে। মনের ভিত্তি শক্ত হয়। এর ফলে যে কোনো সঙ্কট মোকাবেলা সহজ হয়। তাই বইপড়ার কোনো বিকল্প নাই। তিনি উপস্থিত শিক্ষার্থীদের সব ধরনের বইপড়ার পরামর্শ দেন।’
 
গ্রামীণফোনের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত ঢাকা মহানগরীর বইপড়া কর্মসূচির এই পুরস্কার বিতরণী উৎসবের তিনটি পর্বে ১১৫ টি স্কুলের ছয় হাজার চার শ ৭১ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার দেয়া হচ্ছে। শুক্রবার সকালে প্রথম পর্বে ৫১ টি শিক্ষা প্রতিষ্ঠানের দুই হাজার দুই শ একজন ছাত্রছাত্রী পুরস্কার নিয়েছে।
 
দ্বিতীয় পর্বে পুরস্কার গ্রহণ করেছে ৩৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের দুই হাজার এক শ ৪৯ জন ছাত্রছাত্রী। আগামীকাল শনিবার বিকাল তিনটায় ঢাকা মহানগরীর ৩১ টি শিক্ষা প্রতিষ্ঠানের দুই হাজার এক শ ২১ ছাত্রছাত্রী অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন।