এএফপি
হংকংয়ের লামা দ্বীপের অদূরে একটি তেলবাহী ট্যাংকারের সঙ্গে মাছ ধরার নৌযানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মাছধরার নৌযানটি ডুবে গেছে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের এক নারী মুখপাত্র বলেন, তেলবাহী ট্যাংকারটিতে ১৩ আরোহী ছিল। এদের সকলেই নিরাপদ আছে। এই সংঘর্ষের কারণ সম্পর্কে তাত্ক্ষণিকভাবে কিছু জানা যায়নি। কর্মকর্তারা বলেন, ট্যাংকারটি ওই সময় কোনো তেল বহন করছিল না এবং জাহাজে কোন ধরনের ছিদ্র হয়নি। তাই সম্ভাব্য পরিবেশ দূষণের কোনো আশঙ্কা নেই। উল্লেখ্য, ২০১৭ সালে চীনের মূল ভূখণ্ড থেকে হংকংগামী একটি তেলবাহী জাহাজ দুর্ঘটনায় এক হাজার টন পাম তেল পানিতে মিশে যায়, যা পরিবেশের জন্য মারাত্মাক হুমকি। এতে হংকং উপকূলে কিছু তেল পৌঁছে বেশ কিছু মাছ মারা যায়। এছাড়াও সৈতকটিকে বন্ধ করে দেয়া হয়েছিল।
