ইত্তেফাক রিপোর্ট
আগামীকাল ১৪ মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী ‘ইউএস ট্রেড শো-২০১৯’। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ২৬তম এই প্রদর্শনী যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (আমচেম) ও ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস। বৃহস্পতিবার সকালে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ট্রেড শো উপলক্ষে গতকাল ভেন্যুতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার, আমচেম প্রেসিডেন্ট নুরুল ইসলাম, সাবেক প্রেসিডেন্ট আফতাব-উল-ইসলাম।
রাষ্ট্রদূত মিলার বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যের আকার ৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ২০৩০ সালের মধ্যে অবকাঠামো খাতে ২৬ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন। ভৌগোলিক কারণে এই অঞ্চলে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। তাই বিনিয়োগের অন্যতম গন্তব্য হতে পারে বাংলাদেশ। বাংলাদেশে বিনিয়োগের বড় সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি জানান, যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা বিদ্যুত্-জ্বালানি খাতে বড় বিনিয়োগে আগ্রহী। যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকার বাজার সুবিধা বা জিএসপি ফিরে পাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে মিলার বলেন, বাংলাদেশসহ অনেক দেশেরই জিএসপি স্থগিত রয়েছে। বাংলাদেশ সরকার জিএসপি ফিরে পেতে ‘প্লান অব একশন’ বাস্তবায়ন করছে। এতে অনেক অগ্রগতি হয়েছে বলে তিনি মনে করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬টি প্রতিষ্ঠান মোট ৭৪টি বুথ নিয়ে ট্রেড শোতে অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। সাধারণের জন্য টিকিটের মূল্য ৩০ টাকা এবং শিক্ষার্থীরা বিনামূল্যে এই প্রদর্শনীতে প্রবেশ করতে পারবেন। প্রদর্শনীর দ্বিতীয় দিনে এডুকেশন ইউএসএ শিরোনামে এবং তৃতীয় দিনে বিজনেস ভিসা শিরোনামে দুটি সেমিনারের আয়োজন করা হয়েছে।
