ইত্তেফাক রিপোর্ট
চলতি ২০১৮-১৯ অর্থবছরের আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৩৯ দশমিক ১৩ শতাংশ। গত অর্থবছর একই সময়ে ছিল ৩৮ দশমিক শূন্য ১ শতাংশ। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে এডিপি বাস্তবায়নের হালনাগাদ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তৈরি করা হালনাগাদ তথ্যে দেখা যায়, জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে এডিপি বাস্তবায়নে ব্যয় হয়েছে ৭০ হাজার ৭৭২ কোটি টাকা। অর্থবছরের শুরুতে ১ লাখ ৮০ হাজার ৮৬৯ কোটি টাকার এডিপি গ্রহণ করা হয়েছিল। গত অর্থবছরের একই সময়ে এডিপি বাস্তবায়নে ব্যয় হয়েছিল ৬২ হাজার ৩৭২ কোটি টাকা। ১ লাখ ৬৪ হাজার ৮৫ কোটি টাকার এডিপির ৩৮ দশমিক শূন্য ১ শতাংশ ব্যয় হয়েছিল গত অর্থবছরের প্রথম আট মাসে। এ হিসাবে এবার অর্থ ব্যয় বৃদ্ধির পাশাপাশি শতকরা হিসাবেও এডিপি বাস্তবায়নের হার বেড়েছে। তবে বড় পরিবর্তন হয়নি বাস্তবায়নে। প্রতি অর্থবছরই শেষ দুই-তিন মাসে এডিপির বড় অংশ ব্যয় করা হচ্ছে। আইএমইডির প্রতিবেদন অনুযায়ী, শতভাগ এডিপি বাস্তবায়ন করতে হলে অর্থবছরের শেষ দুই মাসে আরও ১ লাখ ১০ হাজার ৯৭ কোটি টাকা ব্যয় করতে হবে। এ অবস্থায় শতভাগ বাস্তবায়ন নিশ্চিত করতে বেশ কিছু মন্ত্রণালয়ের বরাদ্দ কাটছাঁট করে সংশোধিত এডিপি (আরএডিপি) প্রণয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
আইএমইডি সূত্র জানায়, চলতি অর্থবছরের এডিপিতে সরকারের নিজস্ব তহবিল (জিওবি) থেকে বরাদ্দ রয়েছে ১ লাখ ১৩ হাজার কোটি টাকা। এর মধ্যে আট মাসে ব্যয় হয়েছে ৪২ হাজার ৯৭৯ কোটি টাকা। সরকারি তহবিলের বাসত্মবায়ন হার ৩৮ দশমিক ০৩ শতাংশ। অন্য দিকে, প্রকল্প সহায়তা হিসেবে বিদেশি তহবিল থেকে ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে এডিপিতে। এ বরাদ্দের ২৪ হাজার ২২৫ কোটি টাকা ব্যয় হয়েছে আট মাসে। এ হিসাবে বিদেশি সহায়তা বরাদ্দের ৪০ দশমিক ৩৭ শতাংশ ব্যয় করতে পেরেছে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলো।
সরকারের বিভিন্ন সংস্থা ও করপোরেশনের নিজস্ব অর্থায়নে নেয়া প্রকল্পগুলোও এডিপিতে অন্তর্ভুক্ত দেখানো হচ্ছে কয়েক বছর ধরে। এ খাতে চলতি এডিপিতে বরাদ্দ রয়েছে ৭ হাজার ৮৬৯ কোটি টাকা। এর মধ্যে আট মাসে ৩ হাজার ৫৬৮ কোটি টাকা ব্যয় হয়েছে। সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৩৪ শতাংশে।
আইএমইডির প্রতিবেদন অনুযায়ী, আট মাসে এডিপি বাস্তবায়নে সর্বোচ্চ ১৪ হাজার ৪৫৬ কোটি ৯৭ লাখ টাকা ব্যয় করেছে বিদ্যুত্ বিভাগ। দ্বিতীয় সর্বোচ্চ ১১ হাজার ৪১৭ কোটি ৩৯ লাখ টাকা ব্যয় করেছে স্থানীয় সরকার বিভাগ। আট মাসে মাত্র ১১টি মন্ত্রণালয় ও বিভাগের এডিপি বাস্তবায়ন হার ৫০ শতাংশ ছাড়িয়েছে। আর বরাদ্দের ৩০ শতাংশের কম অর্থ ব্যয় করেছে ১৪টি মন্ত্রণালয় ও বিভাগ। বড় বরাদ্দ পাওয়া রেলপথ মন্ত্রণালয়ের আট মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ১৪ দশমিক ৬৬ শতাংশ। সেতু বিভাগের ব্যয় হয়েছে ২ হাজার ৮৮২ কোটি ৫৬ লাখ টাকা। এডিপি বাস্তবায়নে এগিয়ে থাকা মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে রয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, পানি সম্পদ মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিবেশ-বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
