গাইবান্ধার সুন্দরগঞ্জে ডায়রিয়ার প্রকোপে দুই শিশু মারা গেছে। শনিবার ভোরে তারা মারা যায়।
তারা হলো-বেলকা গ্রামের রওশন আলীর মেয়ে রুবাইয়া (৩ মাস) ও পশ্চিম বাছহাটী গ্রামের সোনা মিয়ার ছেলে দুরন্ত (৯ মাস)।
জানা গেছে, গত ৭ দিনে শতাধিক রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫/১৬ জন করে ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। এরমধ্যে আজ দুইটি শিশু মারা গেছে। অনেক রোগীকে স্থানীয় পল্লী চিকিত্সক ও কমিউনিটি ক্লিনিকগুলোর মাধ্যমে চিকিত্সা দেয়া হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ডায়রিয়া আক্রান্ত রোগীর অভিভাবক জানান, স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য পরিদর্শকদের অনেককেই এলাকায় দেখা যায় না এবং তাদের কাছ থেকে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ না পাওয়ায় এই রোগ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রশিদ মৃধা জানান, অতিরিক্ত শীতজনিত কারণে এই রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। তবে রোগীদের চিকিত্সা অব্যাহত রয়েছে।
