ইত্তেফাক রিপোর্ট
ইউরোপের দেশ বেলজিয়াম বাংলাদেশে অবকাঠামোসহ কয়েকটি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। এ তালিকায় রয়েছে বিদ্যুত্ ও জ্বালানি, বন্দর স্থাপন ও ব্যবস্থাপনা, ড্রেজিং, পাট ও পাটজাত পণ্য, কৃষি ও কৃষি পণ্য প্রক্রিয়াকরণ খাত। গতকাল মঙ্গলবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নেতৃবৃন্দের সঙ্গে বৈঠককালে এ আগ্রহের কথা জানান ভারতে নিযুক্ত বেলজিয়ামের রাষ্ট্রদূত ফ্রাসোয়া ডেলহাই। তিনি জানান, বাংলাদেশে বেলজিয়ামের বিনিয়োগ সমপ্রসারণের জন্য এ বছরের শেষ নাগাদ একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। ডিসিসিআই ভবনে আয়োজিত ওই বৈঠকে সংগঠনের সভাপতি ওসামা তাসীরসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিসিসিআই’র পক্ষ থেকে বেলজিয়ামকে পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, হোম টেক্সটাইল, জাহাজ নির্মাণ, ওষুধ, কৃষি ও কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণ, চামড়া ও পাদুকা, তথ্য-প্রযুক্তি, হালকা প্রকৌশল, অবকাঠামো, জ্বালানি ও বিদ্যুত্ এবং বিশেষ করে সমুদ্র বন্দর ব্যবস্থাপনার উন্নয়নে বিনিয়োগের আহ্বান জানান ডিসিসিআই সভাপতি। বাণিজ্য সম্প্রসারণে ঢাকায় বেলজিয়ামের দূতাবাস চালু করা এবং ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বানও জানান তিনি।
রাষ্ট্রদূত বাংলাদেশে নতুন নতুন পণ্য উদ্ভাবনে গবেষণা পরিচালনা, প্রযুক্তির সমপ্রসারণে বিনিয়োগ বাড়ানো, স্থানীয় জনগণের দক্ষতা বাড়ার পাশাপাশি বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ ও বাজার সমপ্রসারণে গুরুত্ব দেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। ডিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি ওয়াকার আহমেদ চৌধুরী, সহ-সভাপতি ইমরান আহমেদ, বেলজিয়াম দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর গিলেম শকে এবং ব্যবসা ও বিনিয়োগ বিষয়ক কমিশনার হিউবার্ট গোফিনে প্রমুখ।
