ঢামেকে লাশ ফেলে পালিয়ে গেল অ্যাম্বুলেন্স চালক

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ২০:১৩
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের টিকিট কাউন্টারের সামনে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) লাশ ফেলে পালিয়েছে অ্যাম্বুলেন্স চালক। ময়নাতদন্তের জন্য ওই লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
 
হাসপাতাল সূত্র জানায়, শনিবার দুপুর একটার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে যুবকটির লাশ হাসপাতালে নিয়ে আসা হয়। ওই অ্যাম্বুলেন্সের চালক জরুরি বিভাগ থেকে টিকিট সংগ্রহ করে লাশটি কাউন্টারের সামনে ফেলে রাখে। এর কিছুক্ষণ পর চালক হঠাত্ করে পালিয়ে যায়। পরে পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশটির পকেট হাতরিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একটি টিকিট পান। ওই টিকিটে লেখা আরটিএ।
 
ঢামেক হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ সেন্টু চন্দ্র দাশ জানান, নিহত ওই যুবকের পরনে রয়েছে ফুলহাতা চেক শার্ট আর নীল রঙের ফুলপ্যান্ট। এছাড়া তার মাথা ও বাম পায়ে সাদা গজ দিয়ে ব্যান্ডেস করা রয়েছে।