বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি আলতাফ মাহমুদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। আলতাফ মাহমুদকে দেখতে শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে গিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি হাসপাতালের ৩১১ নং কেবিনে চিকিৎসাধীন আলতাফ মাহমুদের চিকিৎসার খোঁজ খবর নেন ও তার আশু আরোগ্য কামনা করেন।
বর্তমানে আলতাফ মাহমুদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসক অধ্যাপক কনক কান্তি বড়ুয়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান জানিয়েছেন।
তিনি বলেন, সাংবাদিক নেতা আলতাফ মাহমুদের চিকিৎসার জন্য ৬ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে । বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার সুচিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।
এদিকে, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক রাজু আহমদসহ সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যরা অসুস্থ আলতাফ মাহমুদের আশু আরোগ্য কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
