ফাজিলহাটি-মমিননগর রাস্তা!

আপডেট : ১২ মার্চ ২০১৯, ২১:৫৫

টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলাধীন ফাজিলহাটি মোড় থেকে মমিননগর পর্যন্ত রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। ফাজিলহাটি, মমিননগর, বটতলা, জানমাহমুদাবাদ, আবাদপুর, নীচপাড়া এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন এলাচিপুর-চরপাড়া, পুটিয়াজানীবাজারসহ দেলদুয়ার উপজেলা বা জেলা শহরের বিভিন্ন অঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য এই কাঁচা রাস্তাটি ব্যবহার করে থাকে। এই রাস্তাটি ফাজিলহাটি ইউনিয়নের বাসিন্দা ছাড়াও এলাসিন ও লাউহাটি ইউনিয়নের একটি বড় অংশের বাসিন্দাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হাজার মানুষের পদভারে মুখরিত থাকে এই রাস্তা। বর্তমানে কাঁচা রাস্তাটি চলাচলের অনুপযুক্ত; অথচ প্রতিনিয়ত চলে মোটরসাইকেল, প্রাইভেট কার, ভ্যান, অটোরিকশা-রিকশা। এছাড়াও বিভিন্ন কোম্পানির পণ্যবাহী বড় বড় গাড়িও এই সরু রাস্তা দিয়ে বিভিন্ন এলাকায় প্রবেশ করে। ফলে রাস্তাটি খানা-খন্দে ভরে গেছে, সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে দীর্ঘ দিন। কর্দমাক্ত রাস্তায় তখন যানবাহন বা পথচারী চলাচলে দুর্ভোগের শেষ থাকে না। জনদুর্ভোগ লাঘবে রাস্তাটি দ্রুত মেরামত ও পাকা করা একান্ত প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মোহাম্মদ হেলালুজ্জামান (হেলাল)

গ্রাম: কুমারজানী, ডাকঘর: পুটিয়াজানীবাজার, ফাজিলহাটি, দেলদুয়ার, টাঙ্গাইল