পিরোজপুরের কাউখালীতে কাউয়ূম মোল্লা (২৩) নামের এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত গভীর রাতে ওই শ্রমিকের বসত বাড়ির পেছনে বাগানের একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে।
পরিবারের দাবি, পারিবারিক কলহের জের ধরে নব বিবাহিত কাইয়ূম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত কাইয়ূম ফলইবুনীয় গ্রামের আব্দুর রফিক মোল্লার ছেলে।
থানা ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, কাইয়ূম যশোরের মাগুরায় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। গত চার মাস আগে তিনি নিজ গ্রামের পার্শ্ববর্তী গ্রামে বিয়ে করেন। চার দিন আগে তিনি কর্মস্থল থেকে বাড়ি আসেন। শনিবার বিকালে স্ত্রীর সঙ্গে কলহ বাধে। এরপর তিনি রাগ করে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি।
এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে ওই শ্রমিক। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ’
