আমি খুলনা জেলা শহরের খালিশপুরে ক্রিসেন্ট জুট মিলস কোম্পানিতে লাইন সরদার (টোকেন নং-১৭৬১৬, পালা-খ, মিল নং-১) পদে চাকরি করতাম। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর, বিভাগীয় শ্রম দপ্তর, বয়রা, খুলনা থেকে কোম্পানির কার্যনির্বাহী কমিটির নির্বাচন করার জন্য পত্র প্রেরণ করে। আমি ঐ নির্বাচনে সভাপতি পদে সম্ভাব্য প্রার্থী হওয়ায় ঐ মিলে কর্মরত আমার ছেলে মিজানুর রহমানের পদোন্নতি আটকে দেওয়া হয়, ছোট ভাই আলমগীর হোসেনকে যোগদান করতে দেওয়া হয়নি মন্ত্রণালয় থেকে তিনবার এবং বিজিএমসি থেকে যোগদানের পত্র প্রেরিত হওয়ার পরও। এদিকে নির্বাচন করার সময় শেষ হয়ে যায় ২৬ ডিসেম্বর ২০১৮ তারিখে। কিন্তু নির্বাচনের কোনো তফসিল ঘোষণা করা হয়নি। আবার মিলে পিএফ লোন বন্ধ করে দিয়ে চাকরি থেকে অবসরের সময় এক লাখ টাকা পেতে ২০-৩০ হাজার টাকা ঘুষ দিতে হয়—এসব অনিয়মের বিরুদ্ধে কথা বলায় আমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন নেমে আসে। শুধু তাই নয়—গত ৭ মার্চ ২০১৯ তারিখে আমাকে চাকরিচ্যুত করা হয়। ঊর্ধ্বতন মহলে আমি মিলের সব অনিয়ম সম্পর্কে জানালে প্রকাশ্যে আমার জীবন নাশের হুমকি দেওয়া হচ্ছে—আমি যদি নির্বাচন করি তাহলে আমাকে প্রাণে মেরে ফেলবে। এ অবস্থায়, ক্রিসেন্ট জুট মিলস কোম্পানির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠান, ছেলের পদোন্নতি, ছোট ভাইয়ের যোগদান সর্বোপরি আমার চাকরি ফিরিয়ে দিয়ে আমাদের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সনির্বন্ধ আবেদন জানাচ্ছি।
মো. হানিফ সিকদার
খালিশপুর, খুলনা
