কাঁকড়ি নদীর পানিতে বিষক্রিয়া

আপডেট : ১২ মার্চ ২০১৯, ২১:৫৭

আমরা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ২ নম্বর উজিরপুর ইউনিয়নের বাসিন্দা। গত ২০০ বছর ধরে মিঞাবাজার, বেলঘর, মানিকপুর, গাসিগ্রাম, আশরাফপুর ও কৃষ্ণপুর গ্রামের মানুষ মিঞাবাজার হাই স্কুল ও কলেজের উত্তর পাশে অবস্থিত কাঁকড়ি নদীর পানি বিভিন্ন কাজে ব্যবহার করে আসছেন। এক বছর আগে আশরাফপুর গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি জনবসতি এলাকায় ১০০-১৫০ গরু নিয়ে ডেইরি ফার্ম শুরু করেন। ঐ ফার্মের সমস্ত গরুর বর্জ্য, গোবর, মূত্র ইত্যাদি বড় বড় প্লাস্টিক পাইপের মাধ্যমে কাঁকড়ি নদীতে ফেলায় নদীর পানি বিষাক্ত হয়ে পড়েছে, যা জনসাধারণের আর ব্যবহার উপযোগী নয়। এবং দুর্গন্ধ ছড়ানো ছাড়াও নানা রোগ-ব্যাধি ছড়িয়ে পড়ছে। স্কুল-কলেজে নদীর পানির পচা গন্ধে ছাত্রদের ক্লাস করা দুর্বিষহ হয়ে পড়েছে। চর্মরোগে আক্রান্ত হচ্ছে নানা বয়সের লোক। এ অবস্থায়, জনসাধারণের ক্ষতিসাধন এবং পরিবেশ বিনষ্টকারীর বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি কাঁকড়ি নদীতে বর্জ্য নিক্ষেপ বন্ধে আশু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের পরিবেশ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।

মজিবর রহমান, বেলঘর

মো. অকিবুর রহমান, বেলঘর

রবি দাশ, মুচিবাড়ি

উজিরপুর, চৌদ্দগ্রাম, কুমিল্লা