শহরকে ‘নিজের ঘর’ ভাবুন: মেয়র খোকন

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ১৬:৫৫
রাজধানীকে ‘নিজের ঘরের মতো’ করে দেখতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
 
রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বটতলায় পরিচ্ছন্নতা কর্মসূচির সূচনা করে মেয়র বলেন, আমরা যতটা সময় ঘরে থাকি তার চেয়ে বেশি সময় শহরেই ব্যয় করি। এ জন্য ঘরের চাইতে আগে দরকার শহরকে পরিচ্ছন্ন রাখা।
 
ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
 
একজন মেয়র ও গুটি কয়েক কর্মচারি শহরকে বাসযোগ্য করতে পারবে না উল্লেখ করে মেয়র এজন্য সবাইকে দায়িত্ব নেয়ার আহ্বান জানান।
 
শহরটাকে ঘরের মতো করে দেখতে হবে। ঘরের যেভাবে যত্ন নিই, সেভাবে শহরেরও যত্ন নিতে হবে। পরিচ্ছন্ন শহর বানাতে হলে প্রয়োজনে আমাদের সবাইকে মেয়রের ভূমিকা পালন করতে হবে।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন, কলা অনুষদের ডিন অধ্যাপক আখতারুজ্জামান, দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এম এ হামিদ।