ইরানের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরিপ্রেক্ষিতে দু’দেশের মধ্যে বন্দি বিনিময় হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্র উভয় দেশ তাদের কারাগারে আটকে থাকা কয়েকজন বন্দিকে মুক্তি দিয়েছে এবং বন্দি বিনিময় করেছে।
ইরান তাদের কারাগার থেকে ইরানি বংশোদ্ভুত ৪ মার্কিনিকে মুক্তি দিয়েছে। তাদের তিনজন ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের উদ্দেশে তেহরান ছেড়েছেন। এরা হলেন, ওয়াশিংটন পোস্টের তেহরান ব্যুরো চীফ জেসন রেজাইয়ান, আইডাহোর খ্রিস্টান ধর্মগুরু সাইদ আবেদিনি, মিশিগানের সাবেক মেরিন সেনা আমির হেকমতি এবং নসরাতুল্লাহ খোসরাভি-রুদসারি। এর আগে শনিবার আলাদাভাবে আরেকজন মার্কিন বন্দি ম্যাথিউ ট্রেভিথিককে মুক্তি দেয় ইরান। যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন এক প্রশাসনিক কর্মকর্তা বন্দি মুক্তির এ খবর নিশ্চিত করেছেন।
অপরদিকে, যুক্তরাষ্ট্রের কারাগারে আটক সাতজন ইরানি-আমেরিকানকে মুক্তি দেওয়া হয়েছে। এদের ছয়জনের আছে ইরান এবং যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব।
গত বছর জুলাইয়ে ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি সীমিত করার চুক্তি হয় বিশ্বের শক্তিধর দেশগুলোর। চুক্তির শর্ত ইরান মেনে চলছে মর্মে জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার (আইএইএ) রিপোর্ট দেয়।এরপরই ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেছে।
