লাকসাম (কুমিল্লা): কুমিল্লার ডাকাতিয়া নদী দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এলজিআরডি মন্ত্রী ও লাকসাম-মনোহরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ তাজুল ইসলামের নির্দেশনায় লাকসাম উপজেলা ও পৌর প্রশাসনের উদ্যোগে ডাকাতিয়া নদী দখলমুক্ত করতে সীমানা নির্ধারণ কার্যক্রম চলছে। এ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদী ও ১২টি খালের সীমানা নির্ধারণে লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল হোসেনকে আহ্বায়ক করে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ফরিদ আহমেদ ভুঁইয়া, এলজিআরডি সার্ভেয়ার আবদুল জলিল, পৌরসভার নকশাকার শিশির আচার্য ও সার্ভেয়ার মোস্তাক আহমেদকে সদস্য করে একটি টিম গঠন করা হয়। গত সোমবার লাকসাম পৌরসভা এলাকায় নদীর সীমানা নির্ধারণ করে দুই পাড়ে লাল নিশানা টাঙিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম, সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। —ইত্তেফাক
