ছাতক (সুমনামগঞ্জ) সংবাদদাতা
ছাতকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছবি পোস্ট করাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ১৫ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার সিংচাপইড় ইউনিয়নের খাসগাঁও বাজার এলাকায় কালীপুর ও খাসগাঁও গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় খাসগাঁও বাজারে কালীপুর গ্রামের নূর উদ্দিনের পুত্র ইউপি সদস্য আজিজুল হক শান্ত ও খাসগাঁও গ্রামের মাফিজ আলীর পুত্র ইউপি সদস্য করম আলীর উপস্থিতিতে ভিন্ন একটি ঘটনা নিয়ে সালিশ-বৈঠক চলছিল। সালিশ-বৈঠক চলাকালে সালিশ-বৈঠকের ধারণকৃত একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কে বা কারা পোস্ট করে দেয়। সালিশ-বৈঠক শেষে ভিডিওচিত্র ফেইসবুকে পোস্ট করার বিষয়ে ইউপি সদস্য আজিজুল হক শান্তর আত্মীয় রুহুল আমিনকে দায়ী করে ইউপি সদস্য করম আলী পক্ষের লোকজন। এ নিয়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তপ্ত বাক-বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই ইউপি সদস্যের নেতৃত্বে কালীপুর ও খাসগাঁও গ্রামবাসী তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত হয় অর্ধশতাধিক ব্যক্তি। গুরুতর আহত ১৫ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে, আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান নুজরুল হক ও একই গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন পক্ষদ্বয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টাব্যাপী দফায়-দফায় সংঘর্ষে নারীসহ অন্তত ৪০ ব্যক্তি আহত হয়। গুরুর আহত ১ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিত্সা দেয়া হয়েছে। পেয়ে থানা পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করেছেন। ছাতক থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
জগন্নাথপুরে দুইপক্ষের সংঘর্ষে পাঁচজন আহত
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা জানান, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীপুর গ্রামে যাতায়াতের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জেইসান রায় (২৫) ও এনি রায় (২৪) সহ ৫ জন আহত হয়। তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
