গণতন্ত্র সুসংহত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। জাতীয় সংসদ ভবনের এলডি হল চত্বরে এশিয়ান টিভির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
তিনি কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন চিফ হুইপ আ স ম ফিরোজ ও এশিয়ান টিভির চেয়ারম্যান মো. হারুন অর রশিদ। এ সময় সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী ও সাবিনা আক্তার তুহিনসহ এশিয়ান টিভির উচ্চপদস্থ কর্মকর্তা এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
স্পিকার বলেন, গণমাধ্যম একটি বিকাশমান খাত। জনমত গঠনে এ খাতের ভূমিকা অপরিসীম। তাই জনমত গঠন এবং গণতান্ত্রিক চর্চা সমুন্নত রাখতে গণমাধ্যম কর্মীদের কাজ করতে হবে।
অবাধ তথ্য প্রবাহের এ যুগে সাধারণ জনগণের কথা তুলে ধরে, সকল শ্রেণি ও পেশার মানুষকে সঙ্গে নিয়ে গণতন্ত্রকে সমুন্নত রাখতে এশিয়ান টিভি তার মর্যাদা অক্ষুন্ন রেখে এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে পিঠা-পুলিসহ বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হয় এবং দেশের খ্যাতনামা শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
