সাংবাদিক আলতাফ মাহমুদকে হাসপাতালে দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ১৮:২৬
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি অসুস্থ আলতাফ মাহমুদকে হাসপাতালে দেখতে গেলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
 
সোমবার দুপুরে নাসিম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আলতাফ মাহমুদকে দেখতে যান।
 
এ সময়ে স্বাস্থ্যমন্ত্রী তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং ডাক্তারদের সাথে কথা বলেন। আলতাফ মাহমুদ হাসপাতালের ৩১১ নং কেবিনে চিকিৎসাধীন আছেন। এ সময়ে বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান উপস্থিত ছিলেন।
 
সাংবাদিক নেতা আলতাফ মাহমুদের চিকিৎসার জন্য (বিএসএমএমইউ) স্নায়ুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়াকে প্রধান করে ৬ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার সুচিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।
 
কনক কান্তি বড়ুয়া জানান, আলতাফ মাহমুদের স্পাইনাল কর্ডে দ্রুত অস্ত্রোপচার করতে হবে। তার জন্য গঠিত মেডিকেল বোর্ড বসিয়ে আমরা বৃহস্পতিবার এই অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নিয়েছি।
 
ঘাড়ের ব্যাথা, হৃদরোগ, ডায়াবেটিকসহ স্নায়ু সংক্রান্ত জটিলতা নিয়ে এই সাংবাদিক গত ১৪ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন।