দেশে গণতন্ত্রের মহাসঙ্কট চলছে : ফখরুল

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ১৯:২৯

সব ষড়যন্ত্রে  মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

তিনি বলেন, নির্যাতন চলছে, জিয়াউর রহমানকে খলনায়ক বানানোর  চেষ্টা চলছে, দল ভাঙার চেষ্টা চলছে, দেশকে কারাগার বানানো হয়েছে- এ সব ষড়যন্ত্রের ভেঙে সামনে দিকে এগিয়ে যেতে হবে।

 

জিয়াউর রহমানে ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার রমনার ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

আওয়ামী লীগের দিকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আক্ষেপ করে বলেন, গণতন্ত্রের জন্য দীর্ঘদিন ধরে যে দলটি সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেছে, স্বাধীনতা-সার্বভৌমত্ব অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, দীর্ঘদিনের পুরোনো সেই দলটির হাতেই গণতন্ত্র নিহত হয়েছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে  গেছে। আর এ কারণেই তারা ২০ দল ভাঙার ষড়যন্ত্র করছে। ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে ২০ দলীয় জোট  থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে তারা।

 

মির্জা ফখরুল বলেন, আজকে আওয়ামী লীগের অগণতান্ত্রিক আচরণের কারণে দলীয় কার্যালয়ে পর্যন্ত সভা সমাবেশ করা যাচ্ছে না। ক্ষমতায় আসার পর  থেকে গত কয়েক বছরে বিরোধী মতের নেতাকর্মীদের হত্যা, গুম ও নির্যাতন করছে তারা। এ ধরনের ঘটনা শুধু স্বাধীনতা যুদ্ধের সময়ই ঘটেছিল।

 

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে  দেউলিয়া হয়ে  গেছে। এজন্য তারা গণতন্ত্রকে বিকশিত না করে অন্য একটি জোট বা দলকে ভাঙ্গার চেষ্টা করছে। অথচ, ক্ষমতাসীন এই দলটির কাজ ছিল, গণতন্ত্রকে বিকশিত করা।

 

বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ক্ষমতায় যেতে পারি আর না পারি বিএনপিকে বাঁচাতে হবে। হারানো গণতন্ত্র ফিরিয়ে আনাটাই বিএনপির জন্য বর্তমানে বড় চ্যালেঞ্জ। বিএনপি মিথ্যাচারের শিকার বলেও মন্তব্য করেছেন তিনি।

 

মওদুদ আহমদ বলেন, স্পষ্ট করে বলতে চাই, বিএনপি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত একটি মধ্যপন্থি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল।

 

দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার  মোশাররফ হোসেন, ঢাকা বিশ্ববিদালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিন আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মোস্তাহিদুর রহমান প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন দলটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।