হবিগঞ্জ প্রতিনিধি
বাহুবলে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী এবং পরাজিত প্রার্থীর সমর্থকদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। নির্বাচন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ ৩ জনকে আটক করেছে।
স্থানীয়রা জানায়, ওই উপজেলার স্নানঘাট গ্রামের ইউপি মেম্বার চান মিয়ার ছেলে তোফাজ্জল মিয়া গত উপজেলা নির্বাচনে পরাজিত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদির চৌধুরীর আনারস প্রতীকের পক্ষে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। পরে তিনি আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাইকে কটূক্তি করে আরও একটি স্ট্যাটাস দেন। এর প্রতিবাদ করে একটি কমেন্ট করেন একই গ্রামের বাসিন্দা যুবলীগ নেতা তবারক আলী। এ নিয়ে তাদের মাঝে বাকযুদ্ধ হয়। এর জের ধরে মঙ্গলবার দুপুরে স্থানীয় স্নানঘাট বাজারে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে।
